ফরাসি নাট্যোৎসবে দর্শকের সাড়া
ঢাকার দর্শকের কাছে ফরাসি নাটক মানেই হাসির খোরাক। সেই অর্থে কঞ্জুস, ভদ্দরনোক, পেজগী প্রভৃতি নাটক ঢাকার দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। আর এসব নাটক মানেই মিলনায়তনে দর্শকদের প্রাণখোলা হাসি। লোকনাট্যদলের কঞ্জুস তো রীতিমতো ঢাকার মঞ্চে রেকর্ড গড়েছে। ৫০০ মঞ্চায়ন পেরিয়ে গেলেও এখনো নাটকটি সমান জনপ্রিয়। নাটুকে, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ফেম স্কুল অব ডান্স ড্রামা আয়োজিত এবারে আন্তফরাসি নাট্যোৎসব ফরাসি নাটকের প্রতি দর্শকদের বিন্দুমাত্রও আগ্রহের কমতি দেখা যায়নি। তবে ফরাসি লেখক মলিয়েঁরের বাইরেও অন্য লেখকের নাটকও যে কমেডিতে পিছিয়ে নেই, তারই প্রমাণ পাওয়া গেল এই উৎসবে। উৎসবে ফরাসি লেখকদের এ নাটকগুলোর বেশির ভাগই এখানে প্রথম প্রদর্শনী হচ্ছে। উৎসবের প্রথম দিন ১৫ মে ঠাকুর ঘরে কে রে...,নাটকটির প্রতিটি দৃশ্যেই দর্শকদের মিশে যাওয়া, সেই প্রমাণ পাওয়া গেল। নাটকটিতে মূলত চারটি চরিত্র। প্রতিটি চরিত্রই অসাধারণ অভিনয়দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে। নাটকটির প্রতিক্ষণেই দর্শকদের হাসির রোল পড়ে যায়। ওই দিন রাতে নাটকটি দেখা শেষ হলেও দর্শক আবু সাঈদের মুখে হাসির রেশ তখনো যায়নি। উত্তেজনা নিয়ে তিনি বললেন, ‘খুবই ভালো লেগেছে। প্রতিটি দৃশ্যই উপভোগ করেছি। এক কথায়, অসাধারণ।’ এই নাটকটি মার্ক ক্যামোলতির লেখা। এদিকে ১৬ তারিখে প্রদর্শনীতে জাঁ পল সার্ত্রের লেখা দেয়াল এবং ১৭ তারিখে দুটি নাটক স্যামুয়েল ব্রেখটের শেষ খেলা ও মলিয়েঁরের বিয়ে বিড়ম্বনায় মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ১৯ মে ইউজেন এওনেস্কো লেখা জনপ্রিয় গন্ডার নাটকটি প্রদর্শিত হয়। আজ ২০ মে মঞ্চস্থ হবে স্যামুয়েল বেকেটের সব ঝরে যায়। আগামীকাল শুক্রবার উৎসবের শেষ দিনে থাকছে সম্মাননা প্রদান ও নাটক। এবারে সম্মাননা দেওয়া হবে কথাসাহিত্যিক শওকত ওসমান (মরণোত্তর), সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমানকে। ওই দিন মঞ্চস্থ হবে হেলেন সিক্সসের ড্রামস অন দ্য ড্যাম।১৫ মে শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে উৎসবটির উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। বক্তব্য দেন রামেন্দু মজুমদার, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূত, আলিয়ঁস ফ্রঁসেজের উপ-পরিচালক প্রমুখ।উৎসব নিয়ে আয়োজক দলের মধ্যে নাটুকে থিয়েটার দলের প্রধান আল নোমান বলেন, ‘আমরা অন্য দুবারের চেয়ে একটু ভিন্ন পরিসরে এবার উৎসবের আয়োজন করেছি। উৎসবের এ পর্যায়ে এসে আমরা নিজেদের সফল মনে করছি।’