ফরাসি শিল্পীর একক শিল্পকর্ম প্রদর্শনী
গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে ১২ জুলাই থেকে আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি শিল্পী ল্যাম্বার্ট সুমবুশোর ‘হেভি মেটাল’ শীর্ষক একক শিল্পকলা প্রদর্শনী শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে ১৮ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর এরকুল।প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা প্রায় ১৬টি। প্রদর্শনী ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পী ড. ল্যাম্বার্ট সুমবুশো জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালে। তাঁর শিল্পকর্মের মাধ্যমে তিনি তুলে ধরেন আফ্রিকার উঞ্চতা আর রহস্যময়তাকে। প্রদর্শনীর সবগুলো শিল্পকর্মই পরিত্যক্ত লোহা যেমন ক্যান, টিন এবং কুড়িয়ে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে তৈরি। এই প্রদর্শনীর মাধ্যমে তিনি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান সমসাময়িক শিল্পচর্চায় একটি নতুন ধারাকে তুলে ধরতে এবং বিভিন্ন পরিত্যক্ত বস্তুর শৈল্পিক উপস্থাপন নিয়ে পরীক্ষামূলক কাজ করেছেন।