ফরিদ আলী ভাই আমাদের অভিভাবক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত
সুব্রত
ফরিদ আলী
ফরিদ আলী

অভিনেতা ফরিদ আলী গতকাল মারা গেছেন। তাঁকে নিয়ে এই স্মৃতিচারণা।
আমি ১৯৮৪ সালে চলচ্চিত্রে আসি। এর ঠিক দুই বছর পর চলচ্চিত্রের মানুষদের নিয়ে একটি নাটকের দল গঠন করি। সেটার নাম ‘ঢাকা নাট্যগোষ্ঠী’। এই নাটকের দল নিয়ে আমরা দেশের বিভিন্ন স্কুল-কলেজসহ নানা জায়গায় নাটকের শো করেছি। আমাদের এই দলে শ্রদ্ধেয় শওকত আকবর, আনোয়ার হোসেন, ফরিদ আলী, প্রবীর মিত্র, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, টেলি সামাদসহ আরও অনেকে যুক্ত ছিলেন।
আমরা মঞ্চে কাজ করার জন্য যখনই ফরিদ আলীর কাছে যেতাম, তিনি নিঃসঙ্কোচে আমাদের সঙ্গে থাকতেন। আমাদের নাটকের দল গঠনের পেছনে তাঁর যে উৎসাহ, সেটা বলে শেষ করা যাবে না। দীর্ঘ পথচলায় এ ধরনের উৎসাহ আমি আর দ্বিতীয় কারও কাছ থেকে পাইনি। চলচ্চিত্রে আসার পর থেকে আমার অভিনয় শেখার পেছনেও তাঁর একটা ভূমিকা ছিল। দেখা যেত, আমরা কোনো নাটকের শুটিং শেষে যখন বিশ্রাম নিতাম, তখন তিনি তাঁর কিছু পর্যবেক্ষণ জানাতেন। এতে আমি আমার অভিনয়ের ভুলটা ধরতে পারতাম, শুধরে নিতে পারতাম।

ফরিদ আলী ভাই, আনোয়ার হোসেন ভাইসহ আমরা দেশের নানা প্রান্তে ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের মঞ্চায়ন করেছি। আনু ভাই (আনোয়ার হোসেন) একটা কথা প্রায়ই বলতেন, নবাব সিরাজউদ্দোলা নাটকে মিরন চরিত্র ফুটিয়ে তোলার জন্য ফরিদ আলী সাহেবকে অতিক্রম করার মতো অভিনয়শিল্পী আর হবে না। তিনি যখন মিরন চরিত্রে অভিনয় করতেন, তখন ফরিদ আলী সত্যিকারের একজন মিরন হয়ে উঠতেন।
১৯৮৬ থেকে ২০১০ পর্যন্ত একটানা দেশের নানা প্রান্তে ছুটে বেড়িয়েছি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শেষের দিকে তিনি তাঁর ছোট ছেলে ইমরানকে নিয়ে আমাদের সঙ্গে দেশের নানা প্রান্তে নাটক করতে ছুটে গেছেন। ছয় বছর আগে আমরা একসঙ্গে শেষবারের মতো নাটক করেছিলাম। খুলনার দৌলতপুরে সেই নাটকের পর আমাদের আর একসঙ্গে কাজ করা হয়নি। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর আমরা তাঁকে নাটক মঞ্চায়নের জন্য কোথাও নেওয়ার সাহস করতাম না। কারণ, আমাদের নাটক শুরুই হতো রাত ১১ টা-১২টার দিকে। চলত ভোর পর্যন্ত। এই সময়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই ভয়ে আমরা তাঁকে কোথাও নিতে চাইতাম না। শরীরে রোগ বাসা বাঁধলেও অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ একটুও কমেনি। আমরা যখন তাঁকে ছাড়া নাটক মঞ্চস্থ করতে চলে যেতাম, পরে যখন তিনি তা শুনতেন, তখন খুব অভিমান করতেন। শুধু তা–ই নয়, বলতেন, আমি কি কখনো তোর কাছে টাকা চেয়েছি? তাহলে আমাকে কেন নিলি না? আমি কি এখন আর নাটক করতে পারি না?
কিছুদিন আগেও ফরিদ আলী ভাইয়ের সঙ্গে আমার দেখা। তাঁর ঠাঁটারি বাজারের বাসায় গিয়েছিলাম। তাঁর বাড়ির পাশে ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল। তিনি জিলাপি খেতে খুব পছন্দ করতেন। চিকিৎসকের বারণ সত্ত্বেও মিষ্টি খাওয়া ছাড়েননি। ভাবির নিষেধ অমান্য করে আমার সঙ্গে বাসার নিচে নেমে সেই দোকানে জিলাপি খেলেন।
ফরিদ আলী ভাই আমাদের অভিভাবক ছিলেন। আমরা যে বাইরে যেতাম, অনেক সময় বিপদেও পড়তাম। আমাদের উদ্ধারকর্তা হিসেবে ফরিদ আলী ভাই ছিলেন।
অনুলিখন- মনজুর কাদের