ফরিদপুরে কবিগুরুর জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ আহ্বান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর শাখার আয়োজনে শুরু হয়েছে দুই দিনের অনুষ্ঠানমালা।কবি জসীমউদ্দীন মিলনায়তনে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে’ প্রভৃতি গান গেয়ে শোনান।এরপর ছিল আলোচনা পর্ব। উদ্বাধনী বক্তব্যে শ্রমমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মুক্তিযুদ্ধে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গানটি গেয়ে অংশ নিয়েছিলাম। দেশ থেকে শেষ শত্রুটিকে হটিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরিনি। আর সেই কারণে মুক্তিযুদ্ধের পর এই মহান কবির রচিত এই অমর গানটি আমাদের জাতীয় সংগীত হয়েছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সম্মিলন পরিষদের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আজিজুল হক খান। আলোচানার পর ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, লিলি ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, ছায়া রানী কর্মকারসহ স্থানীয় শিল্পীরা গান গেয়ে শোনান। এ ছাড়া ছিল নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানে শরীফ মোহাম্মদ সজীবকে এ বছর রবীন্দ্রসংগীতের কেন্দ্রীয় সম্মিলনে প্রথম মান পাওয়ায় তাঁকে সম্মাননা দেওয়া হয়।