ফরিদপুরে পথনাট্য মেলা শুরু
গতকাল শুক্রবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে বিজন ভট্টাচার্য পথনাট্য মেলা। মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। এর আগে ছিল সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত। এরপর বায়ান্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সব গণতান্ত্রিক ও মুক্তিকামী আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেলার উদ্বোধন করতে গিয়ে মান্নান হীরা বলেন, ‘আমি দেশে কি বিদেশে অনেক নাট্যোৎসব ও পথনাট্য উৎসবে যোগ দিয়েছি, কিন্তু আজ ফরিদপুরে পথনাট্য উৎসবের যে বর্ণাঢ্য ব্যাপ্তি দেখলাম, তা আগে খুব একটা দেখিনি।’এরপর নাট্যোৎসব উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করে নাট্য তথ্য গবেষক বাবুল বিশ্বাস বলেন, এ প্রদর্শনী বিগত প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের সেতুবন্ধ হিসেবে কাজ করবে। মুন্সী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন, বিশিষ্ট নাট্য গবেষক বিপ্লব বালা প্রমুখ।‘সত্য সুন্দর শান্তির বারতা—এই হোক আজকের নাটকের কথা’ আহ্বান নিয়ে স্থানীয় অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আট দিনের এই মেলা। শেষ হবে আগামী ৩ ডিসেম্বর। আয়োজন করেছে ফরিদপুরের বৈশাখী নাট্যচক্র।