ফরিদপুরে রবীন্দ্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২, ১৩ ও ১৪ মার্চ দিনগুলো ফরিদপুরবাসী মনে রাখবে অনেক দিন। দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধ্যত্ব ঘুচিয়ে, অমানিশার অন্ধকারের বুক বিদীর্ণ করে উৎসবের আলো জ্বালিয়েছিল ফরিদপুর এ তিন দিন। রবীন্দ্র মেলা নামে যে দারুণ আয়োজন হয়ে গেল ওই তিন দিন, তা মানুষ সহজে ভুলতে পারবে না। ‘প্রিয় স্বদেশ, প্রিয় সংস্কৃতি: আমার সত্তা, আমার স্বচ্ছতা’—এ আহ্বানকে সামনে রেখে গত ১২ মার্চ বিকেলে ফরিদপুরে শুরু হয় তিন দিনের রবীন্দ্র মেলা। বিকেলে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে রবীন্দ্র মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা হল এবং হলসংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ছিল এ মেলার উদ্যোক্তা।মেলার উদ্বোধন ঘোষণা করে সন্জীদা খাতুন বলেন, ‘রবীন্দ্রনাথকে দূরে সরিয়ে রাখলে চলবে না, আবার চোখ বুজে তাঁর গান গাইলেই তাঁকে বোঝা যাবে না। তাঁকে সঠিকভাবে জানতে ও বুঝতে হলে প্রতিনিয়ত চর্চা করতে হবে। রবীন্দ্রনাথ যে মানবধর্মের কথা বলে গেছেন, তা প্রথমে নিজেদের আচার-আচরণে দেশজ হতে হবে। অথচ আজ আমরা বিশ্বায়নের নামে নিজেদের কৃষ্টি-সংস্কৃতিকে ভুলতে বসেছি।’ প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালির প্রাণের কবি হিসেবে উল্লেখ করেন।বলেন, আগামী বছর ভারত ও বাংলাদেশ যৌথভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবে। এর মাধ্যমে দুই দেশের প্রাণের বন্ধন সুদৃঢ় হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান, উপদেষ্টা জয়নাল আবেদীন প্রমুখ। সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের আহ্বায়ক আলতাফ হোসেন।এরপর ‘এত আলো জ্বালিয়েছ গগনে কী উৎসবের লগনে...’ গানসহ তিনটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। পরে সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন ও চিত্রশিল্পী মহমুদা খাতুন—তিন বোন একত্রে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’ গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। দ্বিতীয় দিনে বিকেল সোয়া পাঁচটায় মেলার মঞ্চে ‘রবীন্দ্রনাথ আমাদেরই লোক’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন সরকার আবদুল মান্নান। বিপ্লব বালার সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন সন্জীদা খাতুন, সরদার আবদুস সাত্তার, খায়রুল আলম ওরফে সবুজ, বাবুল বিশ্বাস ও ননী গোপাল সাহা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিপ্রা গোস্বামী।এ দিন ফরিদপুরের শিশুসংগঠন ফুলকি রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে পরিবেশন করে নাটক তোতা কাহিনী। এতে বর্তমানে কোচিংনির্ভর ও পাঠসর্বস্ব শিক্ষাব্যবস্থার অন্তঃসারশূন্যতা তুলে ধরা হয়। এতে অভিনয় করে আশিকা, বৃষ্টি, রাকিব, দীপ্ত, সাবিত, রানা, জিনিয়া দীব্য ও কাব্য। সংগীতে ছিল শেখ সাহিদ পারভেজ, মাজেদুর রহমান, গগন হাওলাদার। নির্দেশনা দিয়েছেন নন্দিনী সান্দ্রা ও শিফা। এ মেলায় দেশবরেণ্য শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন ফাহমিদা খাতুন, ফাহিম হোসেন, নীলোৎপল সাধ্য, মাহমুদা খাতুন, ছায়া কর্মকার ও ফেরদৌস আহমেদ ।স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন বাদল দাস, সমাপ্তি রায়, শ্যামল দাস, মিলিয়া ইসলাম, স্টীভ তুর্য, লুত্ফুননাহার, সৌরিন সামি, সুমন, সেতু, বাঁধন, পূজা, মনোদীপ, সারদা, পাপিয়া, সজীব, কাব্য, শিবশংকর, বন্যা ঘোষ, দীপ্র ও অঙ্কন।নৃত্য পরিবেশন করেন নিলয় পাল, কামরুজ্জামান, সুস্মিতা, প্রিয়াঙ্কা রায়, সাদিয়া আফরিন, সাময়াি রশিদ, স্বপন কুমার দাস, শরিফুল ইসলাম ও তাঁর দল। কবিতা আবৃত্তি করেন সিরাজ ই কবির, কুশল, তৃপ্তিবালা, রীনা আনোয়ার, আসমা আক্তার, শাহানা শৈলী। মেলার প্রথম দিন সনাক মাদারীপুর টিআইবির থিম সং-ভিত্তিক ‘জাগো মানুষ জাগো’ এবং শেষ দিনে সনাক রাজবাড়ী ‘আমরা করব জয়’ গানের কোরিওগ্রাফি পরিবেশন করে।সমাপনী দিনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফরিদপুরের ভারপ্রাপ্ত পৌর মেয়র শেখ মাহাতাব আলী ফরিদপুর পৌরসভায় রবীন্দ্রনাথের নামে একটি সড়কের নামকরণ করা হবে বলে ঘোষণা দেন। তবে আয়োজকদের পক্ষ থেকে ‘রবীন্দ্র জাদুঘর’ স্থাপনের দাবি জানানো হয়। এ মেলায় ফরিদপুরের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হয়। তারা রবীন্দ্রনাথের ছবি আঁকে, নানা কিছু তৈরি করে—সেসব দেখা গেছে মেলায়।মেলায় বিভিন্ন প্রকাশনীর রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্রকেন্দ্রিক বই, কবির আঁকা ছবির প্রতিলিপি, রবীন্দ্রনাথ ও তাঁর স্বজনদের দুই শতাধিক আলোকচিত্র, শান্তিনিকেতন, বিশ্বভারতী ও বাংলাদেশের বিভিন্ন স্থানে কবির স্মৃতিবিজড়িত ভবনের ছবি, কবির হস্তাক্ষরে তৈরি রবীন্দ্র বর্ণমালা, রবীন্দ্রসংগীতের রেকর্ড, সিডি ও ক্যাসেট, শিল্পী আবদুল মান্নানের আঁকা কবির অর্ধশতাধিক ছবির প্রতিলিপি, রবীন্দ্র রচনাবলীর প্রথম সংস্করণের প্রথম খণ্ড, কবির সম্মানে বিশ্বব্যাপী প্রকাশিত ডাকটিকিটের প্রতিলিপি, স্থানীয় দারু ও মৃিশল্পীকৃত রবীন্দ্র প্রতিকৃতি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ২৪টি জেলা শাখার রবীন্দ্র দেয়াল পত্রিকাসহ বিভিন্ন দুর্লভ বস্তু প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলাকালে নারী-পুরুষ ও শিশুসহ সর্বস্তরের দর্শক ভিড় জমায়। মেলা সম্পর্কে সন্জীদা খাতুন বলেন, ‘আমি শান্তিনিকেতনসহ রবীন্দ্রনাথের স্মৃতিঘেরা বহু এলাকা ঘুরে দেখেছি, কিন্তু এখানে রবীন্দ্রনাথের ছবিসহ এমন কিছু বিরল বস্তু প্রদর্শন করা হয়েছে, যা আমি এর আগে কোথাও দেখিনি।’