ফরিদুর রেজা সাগরের গল্পে অমি ও আইসক্রিম'অলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির দৃশ্যে তারিক আনাম খান
‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির দৃশ্যে তারিক আনাম খান

এবার ঈদে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘‘অমি ও আইসক্রিম’অলা’’ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। সুমন ধরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, আগুন, মিছিল প্রমুখ।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে এবার ঈদে চ্যানেল আইতে ‘‘অমি ও আইসক্রিম’অলা’’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় ছবিটি চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন দর্শকেরা।
ছবির কাহিনিতে দেখা যাবে, নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি। বুদ্ধিমান, দেশপ্রেমিক এবং ভ্রমণপ্রিয় একজন যুবক। ময়মনসিংহ রোডে ঢোকার পর হঠাৎ অমিকে বহনকারী গাড়িটি নষ্ট হয়ে যায়। অমি রাস্তার পাশে বনের মধ্যে একটি লম্বা রাস্তা ধরে হাঁটতে থাকে। বনের ভেতর কিছু দূর যাওয়ার পর একটি পরিত্যক্ত জমিদারবাড়ি দেখতে পায়। পুরোনো বাড়িটির মূল মালিক জমিদার রায় বল্লভ রায়। মুক্তিযুদ্ধের সময় শহীদ হন তিনি। অমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে থাকে। হঠাৎ সে একজন আইসক্রিমঅলাকে দেখতে পায়। তাঁর সঙ্গে অমির অনেক কথা হয়। আসলে আইসক্রিমঅলা জমিদার রায় বল্লভ রায়ের অশরীরী আত্মা। তিনি যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারে জনগণকে সোচ্চার হওয়ার জন্য অমির কাছে তাঁর শেষ ইচ্ছা প্রকাশ করেন। তাঁর শেষ ইচ্ছা রাখতে পারবে বলে তাঁকে কথা দেয় অমি। আইসক্রিমঅলার বিশ্বাস, যে লোকটি তাঁকে মেরেছে ও বাড়ি ধ্বংস করেছে এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের বিচার অমি স্বাধীন দেশে করতে পারবে।