ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোর সমগ্র প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীতে আজ শুক্রবার শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোর সমগ্রের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো।
শিশু একাডেমীতে আজ শুক্রবার শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোর সমগ্রের প্রকাশনা অনুষ্ঠানে লেখক ও অতিথিরা। ছবি: প্রথম আলো।

শিশুদের উপযোগী কিছু লেখা অত্যন্ত কঠিন কাজ। তাদের মনের অলিগলি দুর্বোধ্য। মন সৃজনশীলতায় পূর্ণ। তাদের মনজগতে আলোড়ন সৃষ্টি করতে না পারলে তা তারা গ্রহণ করে না। ফরিদুর রেজা সাগর সে কঠিন কাজটিই করছেন। তিনি কিশোর উপযোগী সাহিত্য রচনা করছেন এবং কিশোর-কিশোরীরা বেশ ভালোভাবে তা গ্রহণ করেছে। এটি একটি বড় প্রাপ্তি।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে সময় প্রকাশন আয়োজিত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ১২ খণ্ডের কিশোর সমগ্রের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

‌‌‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে শিশুদের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শিশু একাডেমী প্রাঙ্গণে বইমেলা মঞ্চে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন লেখক ইমদাদুল হক মিলন, গবেষক শাহরিয়ার কবির, অভিনেতা ও লেখক আফজাল হোসেন, শিশুসাহিত্যিক আলী ইমাম ও শিশু একাডেমীর পরিচালক আনজির লিটন। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার কিছু পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের একটি খাবার হোটেলে ফরিদুর রেজা সাগরের সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন তাঁর বয়স কম ছিল। আমি এরপর তাঁকে ধীরে ধীরে বড় হতে দেখেছি—শুধু বয়সে নয়, সৃজনশীলতার সব শাখা-প্রশাখায়। সাগরের নানা পরিচয় আছে। কিন্তু সব পরিচয় ছাপিয়ে শিশুসাহিত্যিক পরিচয়টিই তাঁকে বাংলা সাহিত্যে অমর করে রাখবে।’

শাহরিয়ার কবির বলেন, ‘শিশুসাহিত্যে খরা চলছে। যা-ও আসছে তা তেমন মানসম্পন্ন নয়। শিশুরা পড়তে ভালোবাসে। কিন্তু আমরা শিশু উপযোগী তেমন সাহিত্য রচনা করে তাদের হাতে তুলে দিতে পারছি না।

শিশুসাহিত্যে রহস্য, আধুনিকতা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে ফরিদুর রেজা সাগরের মতো আর কেউ ধারণ করেনি বলে মন্তব্য করেন আলী ইমাম। তিনি বলেন, সাগরের সৃজনশীলতা অপরিসীম। তথ্যপ্রযুক্তি দিয়ে জাকারবার্গ বা স্টিভ জবস যেমন মানুষের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করেছেন, তেমনি সাগর লেখার মধ্য দিয়ে শিশুদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করেছেন। তাঁর এ কিশোর সমগ্র দেশের এক অমূল্য সম্পদ।

ইমদাদুল হক মিলন বলেন, ‘একটি শিশুসাহিত্যের মূল বিষয় হলো তা কত সহজ-সরলভাবে শিশুদের সামনে উপস্থাপন করা যায়। সাগর এ কাজটিই ভালোভাবে করে থাকেন। এ জন্য তাঁর শিশুসাহিত্য প্রাণপ্রাচুর্যে ভরপুর থাকে। তাঁর এ কিশোর সমগ্র আমাদের জন্য এক বড় ঘটনা।’

আফজাল হোসেন তাঁদের কৈশোরে শিশুসাহিত্য শিখরে ছিল মন্তব্য করে বলেন, এখন তা অনেকটাই ম্লান।

ফরিদুর রেজা সাগর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের বাসায় সব সময় অনেক বেশি বই থাকত। আমার ছোট দুই কন্যা বইয়ের পাতা উল্টেপাল্টে দেখত। বইয়ের প্রতি তাদের মনোযোগ ও ভালোবাসা দেখেই আমি শিশুসাহিত্য রচনায় উজ্জীবিত হই।’ শিশুদের প্রতি ভালোবাসা থেকেই তিনি এ কাজটি অব্যাহত রাখতে চান বলে বলে মন্তব্য করেন।

বই আর শিশুসাহিত্য নিয়ে গুণীজনদের আলোচনা শেষে মঞ্চে আসেন কণ্ঠশিল্পী কোনাল। ‘আমরা করব জয়’সহ কোনাল তিনটি গান শোনান অনুষ্ঠানে আগত ব্যক্তিদের।