ফরীদি স্মারক ট্রাস্ট, পাঠাগার
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদিকে নিয়ে তৈরি হতে যাচ্ছে একটি পরিপূর্ণ পাঠাগার। প্রখ্যাত এ অভিনেতার কর্মময় জীবনের অনেক কিছুই পাঠাগারটিতে স্থান পাবে। হুমায়ুন ফরীদিকে নিয়ে এ পাঠাগারটি তৈরির উদ্যোগ নিয়েছে ‘হুমায়ুন ফরীদি মেমোরিয়াল ট্রাস্ট’। এ মাসের ২৮ তারিখে সংগীতশিল্পী প্রীতম আহমেদের উদ্যোগে হুমায়ুন ফরীদি মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়েছে। প্রথম আলো ডটকমকে প্রীতম বলেন, মূলত হুমায়ুন ফরীদির স্মৃতি রক্ষার্থে কাজ করবে হুমায়ুন ফরীদি মেমোরিয়াল ট্রাস্ট। তারই প্রাথমিক উদ্যোগ হিসেবে ট্রাস্টের পক্ষ থেকে ফরীদিকে নিয়ে স্মৃতিচারণামূলক লেখা আহ্বান করা হয়েছে। পাশাপাশি হুমায়ুন ফরীদির জীবনের ব্যবহার্য জিনিসপত্রও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রীতম আরও বলেন, প্রতিবছর এখান থেকে হুমায়ুন ফরীদির জন্ম অথবা মৃত্যুদিনে চলচ্চিত্র উত্সব অথবা অভিনয় উত্সব শিরোনামে একটি উত্সব করার চিন্তাভাবনাও করছি। যাতে হুমায়ুন ফরীদির কর্মকাণ্ড সম্পর্কে বিভিন্ন প্রজন্মের মানুষজন জানতে পারে কিংবা বুঝতে পারে।প্রীতম জানিয়েছেন, হুমায়ুন ফরীদি মেমোরিয়াল ট্রাস্টের মূল কমিটি খুব শিগগিরই গঠন করা হবে। এতে থাকবেন হুমায়ুন ফরীদির আত্মীয়, বন্ধুবান্ধব ও স্বজনেরা। এই ট্রাস্টের সব কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন ফরীদির একমাত্র মেয়ে দেবযানী ও তাঁর স্বামী সাব্বির আহমেদ। এ ছাড়া যুক্ত থাকবেন নাট্যনির্মাতা আশরাফুল আলম রিপন, শাহেদ আলী সুজন প্রমুখ। কথা প্রসঙ্গে প্রীতম আহমেদ বলেন, ‘বর্ণাঢ্য অভিনয় ও পারিবারিক জীবনে হুমায়ুন ফরীদি অসংখ্য মানুষের সঙ্গে মিশেছেন। হাজারও গল্প আর ঘটনা রয়েছে তাঁকে ঘিরে। আমরা সেই চিত্রগুলো বই আকারে প্রকাশ করতে চাই। সে জন্যই হুমায়ুন ফরীদির কাছের মানুষগুলোর কাছ থেকে আমরা লেখা আহ্বান করছি। যা নিয়ে আগামী বইমেলায় প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মারকগ্রন্থটি প্রকাশ করবে হুমায়ুন ফরীদি মেমোরিয়াল ট্রাস্ট।’