ফরীদির জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ২৯ মে ছিল অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন। গত বছর বেশ ঘটা করেই তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়েছিল। এবার তিনি নেই। শক্তিশালী এই অভিনেতাকে ‘আনন্দ’-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে এই লেখা
সংশপ্তক নাটকের কানকাটা রমজান, ভাঙনের শব্দ শুনি নাটকের সেরাজ তালুকদার, দহন সিনেমার নায়ক, অপহরণ সিনেমার ভিলেন...এমনি কত চরিত্রেই না অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরীদি। অভিনয় জগতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
মাত্র ৬০ বছরের জীবন ছিল তাঁর। কিন্তু কর্মগুণ দিয়ে ৬০ বছরে ছাড়িয়ে গেছেন অনেককেই। ৬০ বছর পূর্তির দিনটি উদ্যাপন করেছিলেন খুব জাঁকজমকপূর্ণভাবে। অভিনয়শিল্পের অনেকেই সেদিন এসেছিলেন ধানমন্ডির ছায়ানটে। ২৯ মে নন্দিত এই অভিনয়শিল্পীর জন্মদিন। সেদিনটির কথাই একটু বলে নিই আগে।
ছায়ানটে তারকাদের ভিড় জমে গিয়েছিল। সেদিন এ টি এম শামসুজ্জামান বলেছিলেন, ‘আমাকে এখানে আসতে বলা হয়েছে সাড়ে পাঁচটায়, আমি শুনেছি সন্ধ্যা সাড়ে সাতটা। বুঝুন, কানে কম শোনার বিপদ।’ 

হুমায়ুন ফরীদির শেষ জন্মদিনটি স্মরণীয় হয়েছিল নানা কারণেই। দীর্ঘ সময় নিয়ে তিনি স্টেজে বসে ছিলেন। সবাই জনপ্রিয় এই শিল্পীর জন্য ফুল ও নানা প্রকারের উপহার নিয়ে এসেছিলেন। কতই না স্মৃতিচারণা সেদিন হয়েছিল।
হুমায়ুন ফরীদি তাঁর জীবনের শেষ জন্মদিনে দীর্ঘ সময় স্টেজে বসে থাকার একপর্যায়ে বলেছিলেন, ‘আজকের মতো ধৈর্য ধরে এক জায়গায় জীবনেও বসে থাকিনি।’
কেবল কি একজন অভিনেতা হিসেবেই দুর্দান্ত ছিলেন? ব্যক্তিগত জীবনে ছিলেন মজার একজন মানুষ। শুটিংস্পটে রসিকতা করে সবাইকে হাসাতেন। তাঁর ‘চুটকি’ শুনে হাসেননি এমন কাউকেই বুঝি পাওয়া যাবে না। পছন্দ করতেন আড্ডা দিতে। তাঁর আড্ডার ছিল নিজস্ব একটা জগৎ।
একবার তাঁর ধানমন্ডির বাসায় সাক্ষাৎকার নিতে গিয়ে আড্ডার নিজস্ব জগৎ নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন, ‘এই প্রশ্নটা বাদ দাও।’
তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এটা নিয়েও কখনো ঢাকঢোল পেটাতেন না।
ধামরাইয়ের বেলীশ্বর গ্রামে পৌষ ফাগুনের পালা নাটকের শুটিংয়ে তাঁকে পেয়েছিলাম এক বেলার জন্য। সেদিন তিনি কোনো দৃশ্যে অভিনয় করেননি। স্পটে যাওয়ার পর সারাক্ষণ কৌতুক বলে বলে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। একসময় ওই নাটকের পরিচালক আফসানা মিমিকে বলেন, ‘আজ আর শুটিং করব না। আমার মেয়ের জামাই আর মেয়ে যাচ্ছে সিঙ্গাপুরে। ওদের সঙ্গে দেখা করব।’
একবার নিজের পরিচালিত একটি ধারাবাহিক নাটকের (ভাড়াবাড়ি বাড়াবাড়ি ) শুটিং করছিলেন উত্তরার আশ্রয় শুটিং হাউসে। সেখানে অনেকের সঙ্গে অভিনয় করছিলেন জাহিদ হাসান। শুটিং শেষ করে কাজের সম্মানী হিসেবে জাহিদ হাসানকে খাম ধরিয়ে দেওয়া হয়। জাহিদ হাসান কোনোভাবেই সেটা নেবেন না। শেষে হুমায়ুন ফরীদি বললেন, ‘কেন নেবে না? তোমার কাজ করে তো আমি টাকা নিয়েছি। এটা তোমাকে নিতেই হবে।’ পরে অনেক অনুরোধের পরে টাকাটা নেন জাহিদ হাসান।
সাহিত্যের ওপর তাঁর ছিল ব্যাপক দখল। দেশি-বিদেশি সাহিত্য পড়তেন। জুনিয়র শিল্পীদের অভিনয়ও তিনি দেখতেন। ভালো লাগলে ওই শিল্পীকে ফোন করে বাহবা দিতেন। তবে, প্রথমেই নিজের নামটি বলতেন না। চমক দিতে পছন্দ করতেন।
হুমায়ুন ফরীদির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জ্ঞাতার্থে জানাই, তিনি কখনোই কাউকে ফোন করে ‘হ্যালো’ শব্দটি বলতেন না। সরাসরি বলতেন, ‘কেমন আছ?’ অথবা ‘ফোন করেছিলে? বলো কী জানতে চাও?’
অল্পবিস্তর লেখালেখিও করতেন। একবার বলেছিলাম, লেখেন না কেন?
জবাবে তিনি বলেছিলেন, ‘এটা অনেক কষ্টের কাজ, তাই করি না।’
পুনশ্চ: হুমায়ুন ফরীদির জন্মমাসে এ বছরের ২৩ মে রাজধানীর একটি হাসপাতালে তাঁর একমাত্র মেয়ে দেবযানী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। লেখাটি যখন শেষ করছি, আফসোস হচ্ছে বারবার—নাতিকে দেখে যেতে পারলেন না ফরীদি। বেঁচে থাকলেনাতিকে দেখে কী খুশিই না হতেন তিনি! হুমায়ুন ফরীদির জন্মদিনে রইল তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।