ফরীদির ষাটে মিলনোৎসব
‘আজ থেকে ৩৫ বছর আগের কথা। মাঘের কুয়াশার চাদরে মোড়ানো হাড় কাঁপানো এক সন্ধ্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল প্রান্তর। ছোট একটি মঞ্চে যে যুবক তার উপস্থিতি দিয়ে আমাকে চমকে দিয়েছিল, সে আজকের পরিণত হুমায়ুন ফরীদি।’গতকাল রোববার ছিল বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরীদির ৬০তম জন্মদিন। এ উপলক্ষে বালাইষাট নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ছায়ানট সংস্কৃতি-ভবনে। অনুষ্ঠানে এভাবেই স্মৃতিচারণা করছিলেন তাঁর বন্ধু-সহকর্মী নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। অনুষ্ঠানটির আয়োজন করে হুমায়ুন ফরীদি জন্মদিন উদ্যাপন কমিটি।বিকেল থেকেই ফরীদির ভক্ত-দর্শক-বন্ধু-সহকর্মীরা আসতে শুরু করেন উৎসবস্থলে। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে মিলনায়তন। ফরীদি এসে পৌঁছান সন্ধ্যায়। অভ্যাগত ব্যক্তিরা তাঁকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে প্রীতি ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান তাঁর প্রথম টেলিভিশন নাটকের নাট্যকার আতিকুল হক চৌধুরী। মান্নান হীরা লিখিত মানপত্র পাঠ করেন আফসানা মিমি। মিতা হক গেয়ে শোনান ‘তোমার এই পথ চলাতে আনন্দ’। এরপর সুহূদদের সঙ্গে নিয়ে তিনি জন্মদিনের কেক কাটেন। তাঁদের মধ্যে ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, আবেদ খান, মামুনুর রশীদ, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, তমালিকা কর্মকার, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফজাল হোসেন ও ইমদাদুল হক মিলন। উৎসবে হুমায়ুন ফরীদির জীবন ও কর্মের ওপর আব্দুন নূর তুষার নির্মিত একটি দৃশ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে রয়েছে ফরীদির বিভিন্ন নাটক ও চলচ্চিত্রের ভিডিও ফুটেজ ও আলোকচিত্র।