ফরীদির ‘তৃতীয়জন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়জীবনের শেষ বেলায় এসে বেশ কয়েকটি নাটক পরিচালনায় হাত দিয়েছিলেন হুমায়ুন ফরীদি। তার মধ্যে একটি তৃতীয়জন। মৃত্যুর আগে শেষ করতে পেরেছিলেন এর পুরো কাজই। কামরুল আহসানের লেখা তৃতীয়জন প্রচারিত হবে চ্যানেল নাইনে, আসছে ঈদে।নাটকের গল্পে দেখা যাবে রীপা নামের সদ্য বিবাহিত এক মেয়েকে। স্বামী আদনানের সঙ্গে তার ঠিক বনিবনা হচ্ছে না। সইতে হচ্ছে অত্যাচার। এদিকে সাবেক প্রেমিক জুবায়েরের সঙ্গে কথা হয় রীপার। সিদ্ধান্ত নেয় আদনানকে ছেড়ে জুবায়েরের কাছে চলে যাবে সে। চলেও যায় একদিন। কিন্তু জুবায়েরকে সে আর খুঁজে পায় না কোথাও। অনেক দিন আগে জুবায়েরকে সে যেমন করে ফাঁকি দিয়েছিল, যাবে বলেও আর যায়নি, ঠিক সেভাবেই যেন জুবায়েরও তাকে ফাঁকি দিল। বিপর্যস্ত রীপা সে রাতে চলে যায় বাবার বাড়িতে। গিয়ে দেখে আদনান বসে আছে। মা-বাবার জেরার মুখে রীপা বলে দেয়, জুবায়েরের কাছে গিয়েছিল সে। চমকে ওঠে রীপার মা-বাবা ও ছোট বোন—কোথায় পেলে জুবায়েরকে? সে তো মারা গেছে ছয় মাস হয়! আধিভৌতিক ঘরানার এই নাটকে ফরীদি নিজেও অভিনয় করেছিলেন। এ ছাড়া আছেন তানিয়া হোসেনসহ আরও অনেকে।