ফসিলের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

লোকেশন: ভাস্কর্যশিল্পী বিনিতার স্টুডিও
সময়: সকাল ৭টা
চরিত্র: বিনিতা, কাজের লোক, বৃদ্ধ
দৃশ্যায়ন: স্টুডিওর জানালা দিয়ে সকালের চনমনে রোদ পড়েছে। স্টুডিও-ভর্তি অসংখ্য ভাস্কর্য। এদিকে সেদিকে ছড়িয়ে থাকা কাঠের টুকরা। একটা উঁচু টুলের ওপর আর্তনাদরত অর্ধনগ্ন আর অসম্পন্ন আবক্ষ নারী মূর্তি। মুগুর দিয়ে বাটালি আঘাত করতে করতে নিবিষ্ট মনে ভাস্কর্যটি নির্মাণ করছে বিনিতা। অসম্পন্ন কাজ হলেও ভাস্কর্যটির অভিব্যক্তিতে গভীর বেদনা প্রকাশিত। ভাস্কর্যের পাঁজরের কাছে বাটালি চালাতে গিয়ে ধাতব কিছুতে আঁটকে যায় বাটালি। বিনিতা থেমে যায়। এমন সময় কাজের বুয়া এসে বলে (সংলাপ):
বুয়া: আফা! একজন বুড়া মানুষ আসছেন, আপনের লগে দেখা করতে চায়।
বিনিতা: (কপাল কুঁচকে) কে, কী নাম বলেছে?
বুয়া: নাম কয় নাই আফা। পাগলা কিসিমের বুড়া। কইছে আপনে তারে চিনবেন না! হের নাকি আপনের লগে কথা কওয়া খুবই জরুরি। আমি হেরে অনেকবার বুজাইছি যে কামের সময় আফা কারও লগে কথা কয় না। কিন্তু শুনবই না। কয়, তাইলে কাম শ্যাষ হওয়া পর্যন্ত বইসা থাকব।
বিনিতা: (বিরক্ত) তাহলে বসে থাকুক!
বলেই আবারও বাটালি চালায়, আবারও ধাতব শব্দে বাটালি আটকে যায়। বিরক্ত হয় বিনিতা। ভেতরে থাকা ধাতব বস্তুকে বের করার জন্য পাশ থেকে একটু একটু করে গর্ত করতে থাকে। কিছুক্ষণ গর্ত করে খানিকটা নাগাল পায় থাতব বস্তুটির। কিন্তু সেটি আরও গভীরে থাকার কারণে বের করতে পারে না। একটু দ্বিধায় পড়ে যায় সে। আবারও জায়গাটা গভীর করতে থাকে সে। এভাবে গভীর করতে করতে শেষ প্রান্তে এসে ধাতব বস্তুটি একটু নড়াতে সক্ষম হয় সে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটি উঠে আসে, কিন্তু ততক্ষণে জায়গাটা এফোঁড়-ওফোঁড় হয়ে বড় একটা গর্ত হয়ে গেছে! বিনিতা অবাক হয়ে দেখে, তার হাতে একটা বুলেট! ভাস্কর্যের বুকের ছিদ্র দিয়ে সে দেখতে পায় দরজার কাছে উদ্ভ্রান্তপ্রায় এক বৃদ্ধ। সম্বিৎ ফিরে পেয়ে চড়া গলায় সে বলে (সংলাপ):

বিনিতা: আরে! আপনি এভাবে ভেতরে চলে এসেছেন কেন! কে আপনি?

মাসুদ হাসান
মাসুদ হাসান

বৃদ্ধ: আমার গাছডা ফেরত দিয়া দেন, আমি চইলা যাই। আমারে সাইধা দিলেও আমি প্রেসিডেন্ট হমু না। মাথা আমার অর্ধেক কাম করে, এইডা দিয়া দেশ চালান যায় না!
বিনিতা: আরে! কী সব উল্টাপাল্টা বলছেন আপনি! ভেতরে ঢুকেছেন কেন? বিলকিস, এই বিলকিস...কোথায় তুই, এক্ষুনি বের কর এই লোককে।
বৃদ্ধ: মানিকগঞ্জের পাইকপাড়া থেইকা ঝড়ে পড়া যেই গাছডা আপনে কিনছেন, ওইডা আমার গাছ। দেশের কামে সুন্দরবন গেছিলাম, ফাঁকতালে আকরাম মুন্সি আমার গাছডারে বেইচা দিছে। আমারে কয়, পাগল তুই গাছ দিয়া কী করবি? কই বেচছে আমারে কয়ই না, পরে গলা চাইপা ধরলাম, আপনের নাম কইল। ঠিকানা কইতে পারে না, খালি কইছে আপনে আটিস করেন। দেড় মাস লাগছে আপনেরে খুঁইজা বাইর করতে।
বিনিতা একটু অবাক হয়, হাতের ইশারায় তাকে শান্ত হয়ে বসতে বলে।
বিনিতা: আচ্ছা, আপনি শান্ত হয়ে বসুন। আমি আসলেই মানিকগঞ্জ থেকে একটা গাছ কিনেছি। কিন্তু সেই গাছ তো আমি কেটে ফেলেছি!

চোখ উজ্জ্বল হয়ে ওঠে বৃদ্ধের।
বৃদ্ধ: কই কই, আমার শেফালির গাছ কই?
ভাস্কর্যের কাছে বৃদ্ধকে নিয়ে যায়। তীব্র চোখে বৃদ্ধ ভাস্কর্যের দিকে নীরবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরম মমতায় কাঁপা কাঁপা হাতে সেটিকে স্পর্শ করে সে। তাঁর চোখ ফিরে যায় সুদূরে। অতীত হাতড়ে সে বলতে থাকে—
বৃদ্ধ: শেফালি তখন চার মাসের পোয়াতি। ভোররাইতে খান সেনারা আইল। আমি কলপাড়ে অজু করতে গেছি। শেফালির কান্দা আর চেঁচামেচি শুইনা আমি ছুইটা আইছি। খান সেনা দেইখা ভয় পাইয়া গেলাম। পলায় পলায় দেখতে লাগলাম শেফালীরে কই নিয়া যায়। বাড়ির পিছনের মাঠে নিয়া সবার চোখের সামনে তার কাপড় খুলতে লাগল জানোয়ারের বাচ্চাগুলান। তারে নিয়া শুরু হইল মজা নেওয়া। মনে হইল এই জীবন রাইখা আর কী লাভ, শেষ চেষ্টাডা করি! শেফালিরে যেই বড় গাছটার লগে বানছে, অন্ধকারে পা টিপা টিপা হেইডার পিছে যাইয়া লুকাইলাম। (অস্থির কণ্ঠে) কিন্তু
পায়ের শব্দ লুকাইতে পারলাম না, শুরু হইল ঝড়ের মতো গুলি। গাছের জন্য আমি বাইচা গেলাম, শেফালি বাঁচল না, আমার বাচ্চাডাও দুনিয়ার মুখ দেখল না! (কয়েক মুহূর্তের নীরবতা) এরপর থেইকা এই গাছডারেই আমার শেফালি মনে হয়, হের লগেই আমার সংসার!
বৃদ্ধের চোখে টলটলে জল। বিনিতার চোখেও জল। একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধের পিঠে মমতার হাত রেখে সে বলে।
বিনিতা: চাচা, মূর্তি বানাতে গিয়ে গাছটার ভেতরে এই বুলেটটা আমি পেয়েছি!

বুলেটের দিকে ফিরে তাকায় বৃদ্ধ। কাঁপা কাঁপা হাতে বুলেটটা তুলে নেয় সে। সজল চোখে কাঠের ভাস্কর্যের দিকে তাকায়। বুলেট ডি ফোকাসড হয়। স্পষ্ট হয় বেদনার্ত শেফালির ভাস্কর্য।

সম্ভাব্য অভিনয়শিল্পী
বিনিতা: ত্রপা মজুমদার, বৃদ্ধ: গাজী রাকায়েত।