ফাঁকা আওয়াজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
প্রথম আলোর বিনোদন পাতায় প্রকাশিত বিভিন্ন সংবাদের কোলাজ
প্রথম আলোর বিনোদন পাতায় প্রকাশিত বিভিন্ন সংবাদের কোলাজ
২০১৫ সালে প্রথম আলোর বিনোদন পাতায় প্রকাশিত হয়েছে নতুন ছবি নির্মাণের অসংখ্য সংবাদ। এর মধ্যে বেশির ভাগ চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা ছিল সংবাদ প্রকাশের কয়েক দিন বা মাস খানেকের মধ্যেই। কিন্তু বেশির ভাগ খবরই বছর শেষে পরিণত হয় ফাঁকা আওয়াজে। শুটিং শুরু হওয়া তো দূরের কথা, আনন্দ–এর অনুসন্ধানে সেসব নিয়ে কথাও বলতে চাননি অনেক পরিচালক ও চুক্তিবদ্ধ অভিনয়শিল্পীরা।

বাংলা চলচ্চিত্রে ‘কিং খান’ বলে পরিচিত শাকিব খানের কয়েকটি নতুন ছবির সংবাদ প্রকাশিত হয়েছিল গত বছর। এর মধ্যে শামীম আহমেদের পরিচালনা করার কথা লাগাম ও গাদ্দার নামের দুটি ছবি। সংবাদে উল্লেখ ছিল, ২০১৫ সালে এপ্রিলে এ দুটিসহ প্রেমবাজ নামের আরও একটি ছবির কাজ শুরু করবেন শাকিব খান। কিন্তু এ বছর মার্চ মাসেও এসব ছবির কাজ শুরু হয়নি। পরিচালক শামীম আহমেদ জানান, ছবি তিনটির কাজ আদৌ শুরু হবে কি না, তা তিনি জানেন না! শাকিব খানকে নিয়ে গত অক্টোবর মাসে বাজিকর নামের একটি ছবির শুটিং হওয়ার কথা ছিল। পরিচালক সাইফ চন্দন জানান, ছবির গান রেকর্ডিং শুরু হয়েছে। শাকিব খানের সিডিউল পাওয়ার ওপর নির্ভর করছে ছবিটির শুটিং। বাজিকর সিনেমা শেষ হবেই। আর এই সব কটি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়শিল্পী ছিলেন অপু বিশ্বাস। রানা দ্য ফাইটার নামের একটি ছবির গানের শুটিং করেন শাকিব। এটা গত বছর মার্চ মাসের খবর। এই ছবিরও আর কোনো খবর জানা যায়নি।

গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়, এমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। শুটিংও শুরু হওয়ার কথা ছিল তাড়াতাড়ি। কিন্তু খবর প্রকাশের ছয় মাস পেরিয়ে গেলেও এই ছবির শুটিং হয়নি। নুসরাত ফারিয়া বলেন, ‘আগামী অক্টোবর পর্যন্ত আমার শিডিউল নিয়ে রেখেছে জাজ মাল্টিমিডিয়া। গাওয়াহ: দ্য উইটনেস নামের ছবির টিমের সঙ্গে এ মাসের শেষে মিটিং হবে। তখন সিদ্ধান্ত নেব কবে থেকে শুটিং শুরু করব।’
গত বছর নিজের প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণের ঘোষণা দেন মাহি। খবরটি প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের ১৭ জুলাই। অশোক পাতির পরিচালনায় মায়ার বাঁধন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর মাসে। কিন্তু হয়নি। মাহি বলেন, ‘আমার এত দিনের সম্মানী জমিয়ে আর সবার সহযোগিতা নিয়ে ছবিটি করতে চেয়েছিলাম। কিন্তু মাঝে আমার অনেক ঝামেলা গেছে। সেসব ধীরে ধীরে কাটিয়ে উঠছি।’ ছবির কাজ কবে নাগাদ শুরু করবেন জানতে চাইলে বলেন, ‘এই মুহূর্তে বলতে পারছি না। তবে শিগগির করার ইচ্ছে আছে।’
প্রায় সাত বছর পর প্রযোজনায় ফিরছেন মৌসুমী—এমন সংবাদ নিয়ে আমি এতিম হতে চাই নামে ছবির মহরতের ঘোষণা আসার কথা ছিল তাঁর মেয়ের জন্মদিনে, গত ২৯ অক্টোবর। কিন্তু মেয়ের জন্মদিন পেরিয়ে গেলেও ঘোষণা আসেনি এখনো। সিনেমা কবে হবে, সেটাও অনিশ্চিত।
২০১৪ সালে অক্টোবর মাসে খবর বেরিয়েছিল, ওজন সাড়ে তিন মণ নামের একটি ছবিতে অভিনয় করছেন মোশাররফ করিম। এই ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। পরবর্তী ছবিটির আর কোনো খবর জানা যায়নি। একই পরিচালক গত বছর তিনটি ছবি নির্মাণের ঘোষণা দেন। ছবিগুলোর নাম পিকনিক, মাল্টা ও রক্ষা। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এর সংবাদ হয়েছিল বিভিন্ন পত্রিকায়। সব কটি ছবির নায়িকা হওয়ার কথা ববির। একই সঙ্গে রক্ষা ছবিটি প্রযোজনা করার কথা কার? ববির? প্রতিটি ছবির শুটিং হওয়ার কথা ছিল গত বছরই। হয়নি। ইফতেখার চৌধুরী দেশের বাইরে থাকায় কথা হলো ববির সঙ্গে। বলেন, ‘সব কটি ছবির লাইনআপ হয়ে আছে। কিন্তু আমরা চাইছি নতুন ছবি বিজলি আগে শুরু করতে। সেভাবেই এগোচ্ছি।’
গত বছর মার্চ মাসে জানা গিয়েছিল, সমরেশ মজুমদারের উপন্যাস গর্ভধারিণী থেকে চলচ্চিত্র নির্মাণ করছেন মাহমুদ দিদার। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। কিন্তু কিছুদিন আওয়াজ দিয়ে তা থেমে গেছে সময়ের নিয়মেই। এর মধ্যে মাহমুদ দিদার বিউটি সার্কাস নামের একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন। আপাতত তা নিয়েই ব্যস্ত তিনি। গর্ভধারিণীর ব্যাপারে বলেন, ‘বিউটি সার্কাস ছবি শেষ করে গর্ভধারিণী নিয়ে মাঠে নামব।’
গত জুলাই মাসে খবর বেরিয়েছিল, ভারতের দুই নায়ক ইন্দ্রনীল আর অরিন্দম এবং বাংলাদেশের দুই নায়িকা মিম ও দীপালিকে নিয়ে শুরু হচ্ছে রক। ছবির পরিচালক শফিক হাসান জানান, দুই দিন নাকি ছবিটির শুটিংও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হবে কি না, তা অনিশ্চিত। কারণ এরই মধ্যে ওই ছবির প্রযোজক নতুন আরেকটি ছবির কাজ শুরু করেছেন।
‘নিরবের নতুন নায়িকা হেলেন’—এই শিরোনামে ২০১৫ সালের ১৯ অক্টোবর দেশ আমাদের ছবির খবর বেরিয়েছিল বিনোদন পাতায়। নিরবের দাবি, এ-সংক্রান্ত কোনো খবর বের হয়নি। কিন্তু তারিখ জানানোর পর সবকিছুই মনে পড়ে তাঁর। ছবিটির ব্যাপারে তিনি বললেন, ‘এসব নিয়ে এখন কথা বলতে চাই না। তবে ছবিগুলোর কাজ চলছে।’ নিরবের মিশন আফ্রিকা, টার্গেট, অন্তরে অন্তরে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছর, কিন্তু এগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল ‘নায়িকা খুঁজছেন কবরী’ শিরোনামে একটি খবর। গত জুলাইয়ে বের হয় ‘নায়িকা খুঁজতে কলকাতায়’। এত আয়োজন কবরীর এই তুমি সেই তুমি ছবির জন্য। এখন পর্যন্ত ছবিটির কাজ শুরু হয়নি।
ফেরদৌস, নিপুণ, মিলন আর সিমলাকে নিয়ে থ্রি ইললিগ্যাল, পপিকে নিয়ে প্রতিশোধ, বাপ্পিকে নিয়ে তালাশ এবং মৌসুমী হামিদকে নিয়ে মিশন ৬ ও কয়লা ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এসব ছবির শুটিং কবে শুরু হবে কিংবা আদৌ হবে কি না, তা সম্পূর্ণ অনিশ্চিত।