ফাঁকা এফডিসি
গত সোমবার বিকেলের দিকে এফডিসিতে পা রেখে মনে হলো সারা দেশে অর্ধদিবস হরতালে প্রাণ শেষ হলেও এফডিসিতে বুঝি হরতাল চলছে। ৩ নম্বর ফ্লোর পেরিয়ে ৪ নম্বর ফ্লোর পর্যন্ত গেলাম। কোথাও কারও দেখা নেই। সাড়া শব্দ নেই। বেশ সুনসান। ৮ ও ৯ নম্বর ফ্লোরের সামনে গিয়ে পরিচালক সমিতির সামনে যাওয়ার পর এই প্রথম দেখা গেল এফডিসির ভেতর কেউ আছেন। চেয়ারে বসে পরিচালকেরা অলস সময় পার করছেন, কেউ-বা বসে টেলিভিশন দেখছেন। হঠাৎ বেশ জোরে ভোঁ করে শব্দ হলো। জেনারেটরের শব্দ। ‘কে হতে চায় কোটিপতি’র শুটিং সেটের জন্য নিজস্ব জেনারেটর আনা হয়েছে। ২ নম্বর ফ্লোরের সামনে কিছু মানুষ জড়ো হয়েছেন। কড়া নিরাপত্তা-ব্যবস্থা। কিসের জটলা এখানে?নাহ্। তাঁরা অনুষ্ঠান দেখতে আসেননি। এসেছেন আসাদুজ্জামান নূরের কাছে। নূর কখন বের হবেন, তাঁরা কেউই জানেন না। জানা গেল, তাঁরা একটা দাবি জানাবেন নূরের কাছে। আসছে ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী। এর আগেই যেন সালমান স্মরণে কিছু একটা করা হয়। সরকারের কাছে যেন নূর এটুকু দাবি তুলে ধরেন।সেখান থেকে একটু আগ বাড়াতেই দেখা গেল, প্রযোজক-পরিবেশক সমিতির ভেতরে মানুষ গিজগিজ করছে। কোথাও কোনো শুটিং নেই, কিন্তু এখানে এত মানুষ কেন?বছরে শুটিং কম হোক আর ছবির ব্যবসা নাই-বা করুক, চলচ্চিত্রশিল্পে নির্বাচনগুলো হয় বেশ জাঁকজমকভাবেই। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। খসরু-আলম এবং মাসুদ পারভেজ ও ডিপজল প্যানেল। দুই পক্ষই সাধারণ সদস্যদের বেশ ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনী ডামাডোল ছাড়া এফডিসি ফাঁকা। শুটিং ফ্লোরগুলো ফাঁকা। সাউন্ড-ল্যাব সবই ফাঁকা। পরিচালক এম বি মানিক বলেন, শাকিব খান দেশের বাইরে আছেন। এলেই আবার এফডিসি জমজমাট হয়ে উঠবে। আমরা তাঁর জন্যই অপেক্ষা করছি।কিছুটা স্বস্তি শাকিবও খুশিসবার মধ্যেই যেন কিছুটা স্বস্তি ফিরে এসেছে; বিশেষ করে, শাকিব খানের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করা প্রযোজক এবং সিনেমা হল মালিকদের। কারণ গত ছয় মাসে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চারটি ছবি যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তখন চলচ্চিত্রশিল্পে অশনিসংকেত নেমে আসে। শাকিব খান নিজেও বুঝতে পারছিলেন না, কী করবেন। অনেকটা হতাশা নিয়েই ব্যাংককে গিয়েছিলেন তিনটি ছবির শুটিং করতে। তবে ৮ জুলাই মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তোর কারণে বেঁচে আছি চলচ্চিত্রশিল্পকে বিপর্যয়ের হাত থেকে আপাতত রক্ষা করেছে। হরতালের মধ্যেও ছবিটি ব্যবসায়িক সাফল্য পেতে চলেছে বলে জানিয়েছেন সিনেমা হলের মালিকেরা। এ খবর পাওয়ার পর শাকিবও বেশ খুশি। তিনি ব্যাংককে বসেই সেখানে শুটিংরত নির্মাতাদের নাকি আরও ১০ দিনের শিডিউল বাড়িয়ে দিয়েছেন। ফলে তাঁর যেখানে আসার কথা ছিল ১৫ জুলাই, এখন আসবেন ২৫ জুলাই।দুই ‘জ’ নিয়ে পূর্ণিমাকাকতালীয় ব্যাপার বটে! জন্মদিন এলেই জ্বরে আক্রান্ত হন পূর্ণিমা। ১১ জুলাই ছিল তাঁর জন্মদিন। এ দিনটার জন্য কিছু আনুষ্ঠানিকতার প্রস্তুতিও ছিল তাঁর। কিন্তু বেরসিক জ্বর তাঁর সবকিছু ভণ্ডুল করে দিয়েছে। শুধু যে এবারই এমন ঘটনা ঘটল, তা নয়। এর আগেও তিনি যেবার ঘটা করে বাসায় লোকজনকে নিমন্ত্রণ জানিয়ে জন্মদিনের আয়োজন করেছিলেন, সে দিনও জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পূর্ণিমা বললেন, ‘দুই “জ” নিয়েই আছি।’ তবে এবারের জ্বরটা বাঁধিয়েছেন নিজের খামখেয়ালির জন্য। আগের দিন বৃষ্টিতে ইচ্ছামতো ভিজেছেন। তারপর রাত থেকেই জ্বর। অবশ্য এ নিয়ে পূর্ণিমার খুব বেশি আক্ষেপ নেই। বললেন, ‘বৃষ্টিতে ভেজার সময় যে আনন্দ পেয়েছি, সেটাও-বা কম কীসে?’অপুর আপাতত ছুটিঅপু বিশ্বাস ব্যস্ত শিল্পীদের একজন। কিন্তু শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে তাঁর কোনো ছবি নেই। তাই শাকিব যখন অপু ছাড়া অন্য নায়িকাদের নিয়ে কাজ করেন, তখন অপুকে যেতে হয় ছুটিতে। কখনো কক্সবাজার, কখনো সিলেট আবার কখনো রাঙামাটিতে গিয়ে অখণ্ড অবসর কাটিয়ে আসেন। তবে সেটা খুব বেশি হলে সাত দিনের জন্য হয়। এবার অপু দীর্ঘসময়ের একটা ছুটি পেয়েছেন। শাকিব তিনটি ছবির কাজ নিয়ে থাইল্যান্ডে গিয়েছেন। একটি ছবিতেও অপু নেই। তাই চলতি মাসের শুরুতেই অপু ঢাকা ছেড়েছেন। আসবেন এ মাসের শেষের দিকে। জানা গেছে, তিনি এবার পুরো সময় তাঁর জন্মস্থান বগুড়ায় কাটাবেন। সেখানে তিনি একটি বাড়িও করেছেন। এবারে সেই বাড়ির সৌন্দর্যবর্ধনে পুরো সময়টা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।