ফাঁকা মাঠে গোল দিচ্ছি: রাবা খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবা খান ছবি: কবির হোসেন
রাবা খান ছবি: কবির হোসেন

উত্তর দিতে একটুও সময় নিলেন না রাবা খান। দু-চার সেকেন্ডও ভাবলেন না। বললেন, ‘নিজেকে আমি অত কিছু মনে করি না। নিজেকে শুধু একজন ‘‘এন্টারটেইনার” ভাবতেই ভালোবাসি।’ সত্যি সত্যি রাবা এন্টারটেইনার! এটা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট বা দুই ভাইবোনের গড়া ইউটিউব চ্যানেল ‘ঝাঁকা নাকা প্রজেক্ট’-এ চোখ রাখলেই বোঝা যায়। নির্মল বিনোদনের জন্য ঢু মারতে পারেন ইউটিউব ও ফেসবুকে।

কী এমন করেন তিনি? প্রশ্নটা হতে পারে—কী করেন না! রাবা গান করেন, অভিনয় করেন, উপস্থাপনা করেন, দারুণ সব আইডিয়া নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেন। তারও আগে রাবা খান ছিলেন বেসরকারি একটি রেডিও স্টেশনের আরজে। সম্প্রতি সে পেশা থেকে ইস্তফা নিয়েছেন। পুরোদস্তুর এন্টারটেইনার হওয়ার পথে হাঁটছেন তিনি। সঙ্গে ইংরেজি মাধ্যমে পড়াশোনা।

গত সপ্তাহে বড় ভাই ফাহাদ রিয়াজ খানকে সঙ্গে নিয়ে এসেছিলেন প্রথমআলোর কার্যালয়ে। পত্রপত্রিকার সঙ্গে অতটা যোগাযোগ নেই বলেই সম্ভবত বার কয়েক বুঝিয়ে দিতে হলো ঠিকানা। কিন্তু সময়ের বেলায় বেজায় সচেতন দুই ভাইবোন। ঠিক সময়েই হাজির হলেন।

ফাহাদ রিয়াজ খান
ফাহাদ রিয়াজ খান

এসে গল্পের ঝাঁপি খুললেন। শুনতে চাইলাম শুরুর গল্প। জানালেন, একসময় সামাজিক যোগাযোগের একটি ভিন্নধর্মী ওয়েবসাইট ‘আস্ক এফএম’-এ নিয়মিত সময় কাটাতেন তিনি। যেখানে অনেকের নানা ধরনের প্রশ্নের উত্তর দিতেন মজা করে। ওই উত্তর দিতে গিয়েই পেয়ে যান ‘ঝাঁকা নাকা প্রজেক্ট’ নামটি। এই নামেই ২০১৪ সালে দুই ভাইবোন চালু করেন একটি ইউটিউব চ্যানেল। তারপর থেকে আস্তে ধীরে এগিয়েছেন। চ্যানেল চালু করার প্রায় ছয় মাস পর প্রথম ভিডিও আপলোড করেছিলেন। তারপর সংখ্যা বাড়তে থাকে। এখন পর্যন্ত ২৫টি ভিডিও আপ হয়েছে ঝাঁকা নাকা প্রজেক্ট চ্যানেলে। চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ৬০ হাজার। নানা ধরনের ভিডিওর মধ্যে সর্বাধিকবার দেখার তালিকায় আছে রাবা খানের অভিনয়ে ‘টাইপস অব বেঙ্গলি গার্লস’, ‘টাইপস অব বেঙ্গলি ইন রেস্টুরেন্ট’, ‘বেঙ্গলি কাপল রিঅ্যাক্ট টু ব্রেকআপ’সহ এক মিউজিকে ১০টা গান গাওয়ার ভিডিও। শুধু ইউটিউবেই নয়, রাবা খানের ফেসবুক অ্যাকাউন্টে গেলেও দেখা যাবে আরও নানা ধরনের ভিডিও।

এসব ভিডিও নির্মাণের পেছনেও পরিশ্রম কম নয়। সবার আগে ভাবতে হয় ‘বিষয়’ নিয়ে। সে সব নাকি সহজেই মাথায় আসে দুই ভাইবোনের। ভিডিওর বেলায়ও তা-ই। রাবা থাকেন ক্যামেরার সামনে আর ফাহাদ ক্যামেরার পেছনে। আর হুটহাট কিছু মনে হলে নিজের মুঠোফোনেই ভিডিও করে ফেলেন রাবা। যে ভিডিও ঠাঁই হয় নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

নিজের কাজ প্রসঙ্গ বললেন, ‘আমাদের দেশে তো মেয়ে কমেডিয়ান নেই। তাই এক অর্থে ফাঁকা মাঠেই গোল দিচ্ছি। চেষ্টা করছি সময়ের সঙ্গে থেকে কিছু কাজ করার।’

কিন্তু এই ‘গোল’ দিতে যাওয়ায় আলোচনা-সমালোচনা কম শুনতে হয় না। রাবা অবশ্য সে সব গায়ে মাখেন না। বললেন, ‘কেউ ভালো বললে খুব ভালো লাগে, খারাপ বললে গায়ে লাগে না।’

লাগবেই বা কেন? তাঁর গান ও ভিডিও দেখে প্রশংসাও তো কম পান না। কিছুদিন আগে অভিনেতা চঞ্চল চৌধুরী ইউটিউবে গান শুনে ফোন করে প্রশংসা করেছেন। দেখা হলে অনেক তারকাই রাবাকে ‘এগিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন। এসব তো আসলে প্রাপ্তি। দুই ভাইবোন এই প্রাপ্তি নিয়ে কত দূর যান, তাই এখন দেখার বিষয়।