ফাঁসিতলায় যাত্রা
ফাঁসিতলা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি প্রাচীন জনপদ। ফাঁসিতলা নামের সঙ্গে রয়েছে অনেক কিংবদন্তি। এর পুরাতত্ত্ব ও ইতিহাস অনেক প্রাচীন। লোকসংস্কৃতির সঙ্গে ফাঁসিতলার যোগসূত্র দীর্ঘকালের। বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ফাঁসিতলায় সার্কাস, পুতুল নাচ আর যাত্রাগান চলে আসছে হাত ধরাধরি করে। সেই আদিকাল থেকে যাত্রার সঙ্গে বৈশাখের একটি যোগসূত্র তৈরি হয়েছে এই ফাঁসিতলা থেকে। এখন সারা দেশেই বৈশাখী যাত্রানুষ্ঠানের প্রথা চালু হয়েছে। প্রচলিত নিয়মনীতি অনুযায়ী, মৌসুমী যাত্রা শেষ হয়েছে ৩০ চৈত্র। ফাঁসিতলায় বৈশাখী যাত্রানুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে যাত্রা একটা বিশেষ মাত্রা পাচ্ছে। পৃথক তিনটি প্যান্ডেলে প্রতিরাতে তিনটি যাত্রাদলের পালা-প্রতিযোগিতা চলছে। দিনাজপুরের নিউ ভোলানাথ অপেরা, যশোরের আনন্দ অপেরা ও খুলনার রাজমহল অপেরা বৈশাখের শুরু থেকেই ফাঁসিতলার মেলায় যাত্রাপালা পরিবেশন করে আসছে। দর্শক ঘুরে-ফিরে তিনটি দলের মনঃপূত পালাগুলো দেখার সুযোগ পাচ্ছে। বাংলার লোকনাট্য যাত্রাগান আজ যে আর অন্ধকারে পিছিয়ে নেই, তা ফাঁসিতলার যাত্রা দেখলেই বোঝা যায়। আনন্দ অপেরার যাত্রা দেখে ব্যবসায়ী খবির উদ্দীন সরকার জানান, যাত্রা থেকে ভালোমন্দ অনেক কিছু শেখার আছে। ভোলানাথের পালা দেখা দর্শক আজগর আলী জানান, যাত্রায় লোকশিক্ষা হয়। এ দলের মালিক মৌসুমী পারভীন জানান, যাত্রা শুধু বিনোদনশিল্প নয়, এর সঙ্গে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক। বেকারত্ব দূরীকরণে যাত্রা বিশেষ ভূমিকা পালন করে আসছে। আবার দেশ ও চরিত্র গঠনেও যাত্রা অনন্য ভূমিকা রাখছে। ভ্রাতৃত্ব, দেশপ্রেম, জাতীয় জাগরণ—এসব হচ্ছে যাত্রার মূল মন্ত্র বা প্রতিপাদ্য বিষয়। যাত্রা কমিটির সভাপতি জানান, অতীতের যাত্রা আর এ যাত্রার মধ্যে তাঁরা অনেক পার্থক্য লক্ষ করেছেন। আগের যাত্রাগানে মাত্রাহীন পরিবেশনা থাকত। কিন্তু এবারের যাত্রাগানে তিনটি দলই সাবলীল অভিনয় দিয়ে দর্শক টানতে সক্ষম হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শকেরা প্যান্ডেলে এসেছেন এবং পালাগানের জারক রসে সিক্ত হয়েছেন।নিউ ভোলানাথের মানবী দেবী, মিলনমালা ও ফাঁসির মঞ্চে মাটির মা; আনন্দ অপেরার মুঘল এ আজম; শতাব্দী অপেরার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, গাঁয়ের মেয়ে গঙ্গা ও দেবী সুলতানা এবং রাজমহল অপেরার শূন্য বাসরে বধূ, বিধবার গায়ে হলুদ ও কুমারী মাতা ফাঁসিতলার মঞ্চে দর্শক একাধিকবার দেখেছেন। গানে-নাচে-অভিনয়ে অধিক দর্শকপ্রিয়তা পেয়েছেন রাজমহল অপেরার পূর্ণিমা ব্যানার্জি, আনন্দ অপেরার শিল্পী রেজা ও ভোলানাথ অপেরার মৌসুমী পারভীন।