ফাইনাল ইফেক্টে দিনার-জেনি
অস্থির সময় পার করছে দেশ। প্রতিদিনই ঘটছে নানা অন্যায়-অপরাধ। টিভি কিংবা খবরের কাগজ খুললেই নেতিবাচক এ সব খবর চোখে পড়ছে সবার। সাধারণ মানুষের মনোজগতে এমন ঘটনাবলির বিরূপ প্রভাবের কাহিনি নিয়েই নির্মিত হয়েছে টেলিছবি ‘ফাইনাল ইফেক্ট’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা ইন্তেখাব দিনার ও জেনি। ‘ফাইনাল ইফেক্ট’ টেলিছবি প্রসঙ্গে দিনার বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চারপাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় আমাদের সমাজের অনেক মানুষই দিনে দিনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস। আর তা নিয়েই এই টেলিছবি। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।’মহিদুল হকের রচনা ও চিত্রনাট্যে টেলিছবিটি পরিচালনা করেছেন এস এম আরিফ। ইনসেপশন মিডিয়া লিমিটেড প্রযোজিত টেলিছবিটির শুটিং হয়েছে ঢাকার বেশ কয়েকটি জায়গায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, সিরাজুল ইসলামসহ আরও অনেকে। ‘ফাইনাল ইফেক্ট’ টেলিছবির কাহিনিতে দেখা যাবে, টিভি ও পত্রিকার নেতিবাচক খবরগুলো দিনারের মনে ব্যাপক প্রভাব ফেলে। তিনি এ ধরনের যেসব খবর দেখেন বা পড়েন তার বাস্তবায়ন ঘটে তাঁর অবচেতন মনে। মাঝে মাঝে এসব ঘটনা তাঁর কল্পনায় ঘটে আর তিনি প্রতিরোধ করার জন্য চিত্কার করে ওঠেন। পরে নিজে নিজেই বিব্রত হন। কিন্তু একদিন সত্যি সত্যি তাঁর স্ত্রীকে হত্যা করে ডাকাতেরা। কিন্তু দিনার কোনো প্রতিবাদ করেন না। কারণ, তিনি মনে করেন, তাঁর অবচেতন মনে এমনটা ঘটছে।