ফাইনাল নিয়ে আগাম কিছু বলতে চান না লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ক্রিকেটের সেমিফাইনাল খেলা অন্য সবার মতো উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকরকেও আলোড়িত করেছে। শুধু তাই নয়, প্রিয় দলের খেলার দিন গুণী এই শিল্পী সারা দিন কিছু খাননি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে ৮১ বছর বয়সী এই গুণী শিল্পী বলেছেন, ‘সেমিফাইনাল খেলার পুরোটা সময়জুড়ে তাঁকে এবং পরিবারের অন্যদের বেশ উত্কণ্ঠার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। এ সময় পরিবারের কেউই কোনো ধরনের খাবার খাননি। এমনকি কেউ পানি পর্যন্ত পান করেননি। সারাক্ষণ শুধু শচীনদের বিজয়ের জন্য প্রার্থনা করেছি। খেলা শেষ হওয়ার পর বিজয়ের হাসি নিয়ে তাঁরা রাতের খাবার খেয়েছেন।’লতা আরও জানান, আমি খুবই অধীর আগ্রহ নিয়ে বসে আছি ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপার নিয়ে। বিশ্বকাপ জয়ের পাশাপাশি এটিও চাইব, ফাইনালে নিজের মাঠে শচীন যেন তাঁর শততম সেঞ্চুরিও পান। ফাইনালে ভারতের ম্যাচটি মাঠে বসে দেখার সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নের জবাবে লতা সরাসরি না বলে দেন। জানা গেছে, একজন ক্রিকেটভক্ত হিসেবে শুধু ১৯৮৩ সালে লর্ডসে বিশ্বকাপের ফাইনাল খেলাই মাঠে বসে দেখেছেন তিনি। এরপর আর কখনোই তাঁর মাঠে বসে খেলা দেখা হয়নি। ফাইনাল খেলাটি ঘরে বসেই দেখবেন বলে তিনি জানান।ফাইনালে কে জয়ী হবে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ক্রিকেট পুরোপুরি অনিশ্চয়তার খেলা। কেউই এই খেলা সম্পর্কে আগাম কিছুই বলতে পারে না। এই যেমন, সেমিফাইনালে আমি মনে করেছিলাম যুবরাজ সেঞ্চুরি করবে, অথচ শূন্য রানে তাঁকে সাজঘরে ফিরে আসতে হয়েছে। তাই আমি কোনো কিছুই আগে থেকেই বলতে পারছি না। তবে আমি মনে করি, উভয় দলই ভালো ক্রিকেট খেলবে।