ফাইয়াজের সঙ্গে মোনালিসার আংটি বদল (ভিডিও)
দেশে নয়, শেষ পর্যন্ত দেশের বাইরেই আংটি বদলের কাজটি সারলেন নৃত্যশিল্পী ও ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। ১৭ জুন নিউইয়র্ক শহরে খুব কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন মোনালিসার বড় বোন মুনিরা। ফাইয়াজ নিউইয়র্কের আয়ানা কলেজে বায়োলজিতে মাস্টার্সে পড়াশোনা করছেন। একই কলেজ থেকে সে গ্র্যাজুয়েশন করেছেন।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মোনালিসার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘গত ১৭ জুন একেবারেই ঘরোয়াভাবে মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মোনালিসার বড় বোন এবং ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া অভিনয় ও সংগীতজগতের কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন।’নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, ‘আগামী ২৪ জানুয়ারি ঢাকায় ফিরবেন মোনালিসা। ঢাকায় ফিরেই তিনি তাঁর এই তাড়াহুড়ো করে আংটি বদল আর বিয়ের আনুষ্ঠানিকতার প্রসঙ্গে মিডিয়ার দীর্ঘদিনের সহকর্মীদের খুলে জানাবেন।’বর্তমানে মোনালিসা মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অবস্থান করছেন।মোনালিসার আংটি বদলের অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া প্রবাসী বাংলাদেশি নাম প্রকাশ না করার শর্তে আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, ‘১৭ জুন দুপুরে একেবারে ঘরোয়া পরিবেশে আংটি বদলের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সেখানে কণ্ঠশিল্পী কনাসহ মোনলিসার খুব কাছের কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে ১৪ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মোনালিসা।