ফাউস্ট পরিচালকের ভেনিস গোল্ডেন লায়ন পুরস্কার
জার্মান কিংবদন্তি ফাউস্টকে নিয়ে ছবি বানিয়ে ভেনিস চলচ্চিত্র উত্সবের শীর্ষ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিলেন রুশ পরিচালক আলেকজান্ডার সুকুরোভ। ছবির নাম ‘ফাউস্ট’। ছবিতে ফাউস্ট প্রাকৃতিক ক্ষমতার প্রতিনিধিত্ব করতে গিয়ে শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দেন। জার্মানিতে জন্ম নেওয়া আইরিশ অভিনেতা মিখাইল ফাসবেন্ডার ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইনের পরিচালনায় কাজ করে জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার পান হংকংয়ের ডিনি ইপ। ৩৪ বছর বয়সী ফাসবেন্ডার এর আগেও ম্যাককুইনের সঙ্গে বাফটা চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘হাঙ্গার’ ছবিতে কাজ করেছেন। নিজের অভিনয় এবং পুরস্কার নিয়ে ফাসবেন্ডার বলেন, ‘এটা সত্যিই অনেক আনন্দের যখন আপনি কোনো সুযোগ পেয়ে সেই সুযোগকে ঠিক ঠিকভাবে কাজে লাগাতে পারবেন। আপনার আশাগুলো পূর্ণ হবে এবং আপনার কাজ নিয়ে দর্শকের কাছেও পাবেন আশাতীত সাড়া।’উত্সবে আসা ডেভিড ক্রোনেনবার্গের ‘এ ডেঞ্জারাস মেথড’ ছবিটিতেও অভিনয় করেছেন তিনি। পুরস্কার জিতে নেওয়া ফাউস্টের প্রশংসা করেছেন উত্সবের বিচারক মার্কিন পরিচালক ড্যারেন অ্যারনফস্কি। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘কিছু ছবি আছে যা আপনাকে কাঁদাবে, কিছু আছে যা আপনাকে হাসাবে আর কিছু আছে যা দেখার পর পুরোপুরি বদলে যাবেন আপনি। এটা তেমনই বদলে দেওয়ার মতো একটি ছবি।’বিজয়ী পরিচালক আলেকজান্ডার সরকারের কাছে অর্থ সাহায্য দিয়ে শিল্পমাধ্যমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘সংস্কৃতি কোনো বিলাসবহুল জিনিস নয়। এটা সমাজের উন্নতির ভিত্তি গড়ে দেয়। তাই সরকারকে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।’ বিবিসি।