ফাগুনের আগুন নয়কো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাশবাড়ীর আছিয়া ঢাকা থেকে ফিরছিল গ্রামে। রাতের বাসে। দুর্বৃত্তরা বোমা ছোড়ে বলাকা পরিবহনের বাসটিতে। আগুনে পুড়ে যাওয়া অনেকের মাঝে আছিয়া হারায় চোখের আলো। তার ঠাঁই হয় বার্ন ইউনিটে। আছিয়ার প্রশ্ন—আর কোনো দিনও কি দেখবে না সে পলাশবাড়ীর হলুদ সরিষাখেতের আলপথ দিয়ে হেঁটে আসা মায়ের মুখ? একসময় নাটকের গায়েন গেয়ে ওঠেন ‘ফাগুনের আগুন নয়কো এ আগুন মরণ আগুন...’। সত্য ঘটনা অবলম্বনে পথনাটক আগুনের জবানবন্দির কাহিনি এটি। গতকাল পথনাটক উৎসবে আরও কয়েকটি নাটকের মধ্যে এটিও অভিনীত হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় গতকাল স্বাধীনতার মাসের প্রথম দিনের বিকেলে শুরু হলো ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০১৫’। এবারের স্লোগান ‘আগুনে পুড়ছে দেশ, বাঁচাও জীবন বাঁচাও প্রতিবেশ’। আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ।
স্লোগানই বলে দিচ্ছে এবারের উৎসবের মূল উদ্দেশ্য। উৎসবের ঘোষণা ও বক্তাদের কথায়ও স্পষ্ট হলো, সংস্কৃতি সব অসংগতি মোকাবিলার হাতিয়ার। রক্তপাতের মধ্য দিয়ে কোনো মহৎ লক্ষ্য উদ্ধার হয়নি। যা হয়েছে মহত্ত্ব ও আত্মত্যাগের মধ্যে দিয়ে। মানুষকে হত্যা করে, মানুষ পুড়িয়ে মেরে যারা এ দেশকে অন্ধকার ও অমানবিক বর্বর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের প্রতি পথনাটক পরিষদ আহ্বান জানায় হত্যা বন্ধ করে, ককটেল, বোমা ফেলে দিয়ে মানুষের কাছে আসার, পাশে আসার।
আয়োজক সংগঠনের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। অনুষ্ঠানের ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী অলক বসু। স্বাগত বক্তব্য দেন পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে ভাষাসংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করেন। ‘জাতীয় সংগীত’ ও ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’ গানটি পরিবেশন করেন ‘পঞ্চভাস্কর’-এর শিল্পীরা। বক্তৃতাপর্বের একপর্যায়ে অনুষ্ঠানে এসে পৌঁছান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনিই উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় আকাশে ওড়ে বর্ণিল বেলুন, প্রদীপ জ্বলে ওঠে মিনারের সামনে।
উদ্বোধনী আলোচনা পর্ব শেষে উৎসবের প্রথম দিনে আরণ্যক নাট্যদল আগুনের জবানবন্দি, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় পাংশু, সুবচন নাট্য সংসদ কেরামত কোন দল ও মহাকাল নাট্যসম্প্রদায় একজন মায়ের আহাজারি পরিবেশন করে।