ফাগুনের বৃষ্টিভেজা হাওয়ায় গানে গানে বাউলসম্রাট

ফাল্গুনের রাতে দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠল কালনী নদী। সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি। এর মধ্যেই গতকাল রোববার বিকেল চারটার দিকে উজান দলের দক্ষিণের মাঠের লোকজ উৎসবে আসেন অতিথিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলেরা মঞ্চে এলেন গান শোনাতে।
প্রথমেই বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূর জালাল ‘আমি বাংলা মায়ের ছেলে’ গান দিয়ে সমবেত কণ্ঠে আসরের শুরু করেন। পর্যায়ক্রমে মঞ্চে এসে গান করেন ক্লোজ-আপ ওয়ান তারকা সাজু, কাজী শুভ, বাউল শাহ আবদুল তোয়াহেদ, বাউল বশির উদ্দিন সরকার, নজরুল ইসলাম, বাউল আবদুর রহমান, সিরাজ উদ্দিন, রণেশ ঠাকুর, সাব্বির হোসেন, আজগর আলী, ফারুক মিয়া, দুঃখু মিয়া, লালশাহ, হ্যাপি রানী, জুঁই চক্রবর্তী। গানের ফাঁকে শাহ নূর জালাল মঞ্চে ওঠেন, তিনি উৎসবে অংশ নেওয়া দর্শক-শ্রোতা বাউলসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। আপনাদের ভালোবাসা আমাকে বাবার স্মৃতি ধরে রাখতে প্রেরণা জোগাচ্ছে।’ গানের সুরে সুরে সময় গড়ায়, মুখর হয়ে ওঠে কালনী পারের উজান ধলের মাঠ। ‘শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে...’, ‘কেমনি ভুলব আমি বাঁচিনা তোমায় ছাড়া...’সহ শাহ আবদুল করিমের কালজয়ী গানগুলো রাতভর পরিবেশন করেন বাউলশিল্পীরা।
এর আগে গত শনিবার সন্ধ্যা সোয়ো ছয়টায় শাহ আবদুল করিমের নাতি ছয় বছরের শিশু শাহ নূর আলম ওরফে ঝলক শান্তির প্রতীক পায়রা উড়িয়ে লোকজ উৎসবের উদ্বোধন করেন।
এতে অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, পৌরসভার মেয়র আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ আবদুর রহমান।