ফাগুনের মোহনায়...
ফাগুনের মোহনায় আজ শত ফুল ফুটেছে, এসেছে বসন্ত। বর্ণিল ঋতুরাজ বসন্তে নাট্যকর্মীদের মনে কোন ছন্দ খেলা করে, বসন্তকে কীভাবে অনুভব করেন মঞ্চের মানুষেরা?

আমার বসন্ত যেমন
আজাদ আবুল কালাম
আমার প্রিয় ঋতু শীত। তাই বসন্তের আগমনে আমি কিছুটা ব্যথিত হই। বসন্তের কোকিলের ডাক আমার মধ্যে প্রেম জাগায় না। বসন্তের গন্ধ আমাকে নস্টালজিক করে তোলে। চারদিকের শুষ্কতা আমার মধ্যে ক্লান্তি এনে দেয়।
পয়লা ফাল্গুনের স্মৃতি আমার খুব শৈশবের। মুগদাপাড়ায় আমার বেড়ে ওঠা। ফাল্গুন এলেই যেন বিশাল যজ্ঞ ঘটে যেত সেখানে। পাড়াজুড়ে পড়ে যেত মিষ্টি খাওয়ার ধুম। বসন্তসাজে নিজেদের রাঙিয়ে নিত সবাই। অসাম্প্রদায়িক বাঙালিসত্তা জেগে উঠত প্রাণের উন্মাদনায়।
মনে পড়ে রবিঠাকুরের সেই গান: ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে...’। আর সেই বসন্তের আবাহনের জন্য যেন কত প্রস্তুতি! কত আয়োজন! এসব তো জীবনের অনুষঙ্গ। ছেলেবেলার ফাল্গুন আমার কাছে একটু আলাদা অনুভবের ছিল। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সেটার অনেক পরিবর্তন ঘটে গেছে। বিশ্ববিদ্যালয়জীবন থেকে আমি যুক্ত হই মঞ্চের সঙ্গে। তার পর থেকে সব ফাল্গুনই আমার কেটেছে কাজের মধ্য দিয়ে। পড়াশোনা আর নাটক নিয়ে কেটে যায় ব্যস্ত সময়। সময় পেলেই চারুকলায় বসে দেখতাম বড়দের কাজ।
এবারের ফাল্গুনটাও কাটাতে চাই কাজের মধ্যে। বেশ কয়েকটা নাটকের শুটিং নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে। খুব ভালো লাগবে ওই দিনের শুটিং যদি হয় দূরের কোনো গ্রামে।

প্রথম ফাল্গুনের আনন্দে
ফারহানা মিঠু
প্রতিবছরই একটা করে বসন্ত জীবনের খাতায় সঞ্চিত হচ্ছে। এর চেয়ে রোমাঞ্চকর ব্যাপার আর কী হতে পারে?
যতই বসন্ত ধারণ করছি, ততই যেন সমৃদ্ধ হচ্ছি। শৈশবে মা-খালাদের দেখেছি, বসন্ত দিনে তাঁরা হলুদ শাড়ি পরতেন। কিন্তু দিনটির তাৎপর্য তখন ততটা বুঝতাম না। বিশ্ববিদ্যালয়ে এসে মেতে উঠলাম প্রথম ফাল্গুনের আনন্দে। বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতাম। জমিয়ে আড্ডা দিতাম। আরও কত কী!
আমার ফাল্গুনের আনন্দটি ছিল বইমেলাকে ঘিরে। আমি ও আমার ভাই মেতে উঠতাম বই কেনার উৎসবে। দিনে দিনে বেড়েছে এই উৎসবের কলেবর। বেড়েছে আমাদের বয়স। আর তার সঙ্গে কাজের ব্যস্ততা তো আছেই। এবার দিনটা যেমনই যাক, কাজের মধ্য দিয়েই যাবে। তবে একখানা হলুদ শাড়ি অন্তত অঙ্গে জড়াতে নিশ্চয় ভুলব না।
এখন আর তরুণদের মতো মেতে ওঠা সম্ভব নয়। কিন্তু তাঁদের আনন্দ দেখে ভালো লাগে। বসন্ত হচ্ছে প্রকৃতির সারা বছরের একটি নান্দনিক উপস্থাপনা। মানুষের মধ্যেও যেন থাকে সেই ঐশ্বর্য ও নান্দনিকতা। বসন্ত দিনে এটাই আমার বসন্তবন্দনা।

ভালোবাসা-সংগ্রামের যুগল গুনগুন
অনন্ত হিরা
বসন্ত আমার কাছে মনের ভেতর ভালোবাসা ও সংগ্রামের যুগল গুনগুন। এখনো বসন্ত এলেই ‘৮ই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই’—গানটি আমাকে দারুণভাবে স্পর্শ করে। জীবনের প্রথম পয়লা ফাল্গুনের স্মৃতি বরিশাল শহরে। ফালুন্ন বরণ উৎসবকে ঘিরেই সেই স্মৃতি।
জীবনের সবচেয়ে বড় ফাল্গুন এসেছিল ১৯৮৭ সালে। আমি তখন বরিশাল বিএম কলেজে বাংলা সাহিত্যে অনার্সে পড়াশোনা করি। নূনা আফরোজের সঙ্গে আমার পরিচয় হয়। তারপর আর কি! পরিচয় থেকে পরিণয়। এ যেন ফাল্গুনের আউলা হাওয়ায় সব এলোমেলো হয়ে যাওয়া।
তবে সেই ফাল্গুন আমাকে সংগঠিত করেছে। করেছে সৃজনশীল। এখন ফাল্গুন একা একা উপলব্ধি করার বিষয়। নীরব ভালোবাসা নিয়ে ঘিরে থাকা সবটা সময়। ফাল্গুনের পরশ মানুষকে ব্যথিত যেমন করে, তেমনি করে সংগঠিত।
আমার বসন্তের আনন্দের সবটা এখন মঞ্চের প্রতি। মঞ্চ ঘিরে আমার ভালোবাসা।

আজি দখিনা দুয়ার খোলা
নূনা আফরোজ
‘আজি দখিন-দুয়ার খোলা—এসো হে এসো হে...’ রবিঠাকুরের এই গানের লাইনটির মাঝেই আমি খুঁজে পাই বসন্তের আনন্দ। এ যেন ঝরা পাতার খেলা শেষে নতুনের ডাক। নতুন ও রঙিন—সুন্দর কিছুর প্রতীক্ষা। প্রথম ফাল্গুনের ভোরটি যেন ভিন্ন অনুভবের। ঘুম থেকে জেগে উঠি একটা উষ্ণতা নিয়ে। মনের অজান্তে যেন কণ্ঠে এসে যায় গুনগুন গান।
বসন্তের এই দিনটি আমি কাটাতে চাই আমার মঞ্চের সঙ্গে। বসন্তের আয়োজন নিয়ে। বসন্তের গান শুনে। দলের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই সেই আনন্দ। এবারও দিনটিতে রেখেছি রক্তকরবী নাটকের মহড়া। বাসন্তী শাড়ি পরব। একদিকে বসন্ত আর অন্য দিকে রক্তকরবী—ভাবতে বেশ ভালোই লাগছে।