ফানুস-গানে শেষ হলো অ্যালবাম প্রকাশনা
‘ফেরারী ফানুস’ চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজন করা হয় ফানুস উত্সব আর কনসার্ট। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে এই অনুষ্ঠান হয়ে গেল গত বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, শিল্পী লাকী আখন্দ, বাপ্পা মজুমদার ও দলছুট ব্যান্ডের সদস্যরা এবং ছবির অভিনয়শিল্পী রওনক হাসান ও নাজিয়া হক অর্ষা। অডিও অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন তিন পরিচালক—তুষার, সকাল ও সচি। গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, ইরা, তুষার ও সকাল।অনুষ্ঠানে অভিনয়শিল্পী, সংগীত পরিচালক, সংগীতশিল্পী, গীতিকার ও সুরকারদের পরিচয় করিয়ে দেন ছবির পরিচালক আবীর শ্রেষ্ঠ।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাপ্পা মজুমদার বলেন, ছবির তিন সংগীত পরিচালক নতুন হলেও তাঁদের কাজের মধ্যে যথেষ্ট পেশাদারির ছাপ রয়েছে এবং গানগুলোয় একটা নতুনত্ব আছে, যার ফলে অচিরেই গানগুলো দর্শকপ্রিয়তা পেতে সক্ষম হবে।ফানুস উড়িয়ে আর সংগীতশিল্পীদের গানের মধ্য দিয়ে শেষ হয় উত্সব।অ্যালবামটি প্রয়াত সংগীতশিল্পী হ্যাপী আখন্দ ও সঞ্জীব চৌধুরীর প্রতি উত্সর্গ করা হয়।