
কথায় বলে, ‘বাপকা বেটা, সেপাইকা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া’। ছেলেরা কিছু না কিছু দিক দিয়ে বাবার মতোই হয়। তবে ফারহান আখতারের ক্ষেত্রে এই ‘থোড়া থোড়া’ বললে শুধু ভুল নয়, অন্যায় হবে। ফারহান সময় পেলেই খাতা-কলম নিয়ে বসে পড়েন কবিতা লেখার জন্য। গিটারটা তো সেই ছেলেবেলা থেকেই ফারহানের অবসরের সাথি। সেই গিটারেই টুংটাং করতে করতে মনের খাতায় লিখে ফেলেন গানের কথাও। শুধু গান নয়, ছবির চিত্রনাট্যও। বাবা জাভেদ আখতার হিন্দি গানের ভুবনে এক কিংবদন্তি গীতিকার ও কবি, বলিউড দুনিয়ার খ্যাতিমান চিত্রনাট্যকার। ফারহান এসবের কোনোটি হননি বলুন? বহুমুখী প্রতিভায় ফারহান ছাড়িয়ে গেছেন বাবাকেও। ফারহান একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা, গায়ক, টেলি শোর হোস্ট, র্যাম্পের শো-স্টপার এবং সব ভূমিকায় তিনি সমান সাবলীল, সমান খ্যাত।
ফারহানের গল্পটা কলেজ পালানোর। স্কুল লাইফটা কোনোমতে পার করলেও কলেজে এসে পড়াশোনায় আর মন ধরল না। ক্লাস ফাঁকি দিতে দিতে এমন অবস্থা যে একসময় তাঁকে কলেজ থেকেই বের করে দেওয়া হলো। কী আর করা, পরের দুই বছর বাসায় বসে প্রতিদিন শুধু ছবিই দেখেছেন ফারহান। চলচ্চিত্র নির্মাতা হওয়ার ইচ্ছাটা তখনি মাথায় ঢুকে গেল। সবে মাত্র ১৭ বছর বয়স, ফারহান কাজ শিখতে হাজির হলেন ইয়াশ চোপড়ার ছবি লামহের সেটে। পরে ২০০১ সালে দিল চাহতা হ্যায় ছবি দিয়েই পরিচালক হিসেবে ফারহানের বলিউডে অভিষেক। আর অভিষেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার! আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না, প্রীতি জিনতা অভিনীত সেই ছবিটি যেন খুব সহজেই একটি ভিন্ন, নতুন মাত্রা যোগ করল হিন্দি ছবির জগতে। এই ছবির চিত্রনাট্যও তাঁর লেখা। এর পর থেকেই বলিউডের সঙ্গে সঙ্গে তামাম দুনিয়াকে নানা ভূমিকায় চমকে দিয়েছেন ফারহান। লক্ষ্য, ডন, ডন টুর মতো ছবি পরিচালনার পাশাপাশি নিজেকে মেলে ধরেছেন প্রতিভা বিকাশের প্রায় প্রতিটি বিভাগেই। তিনি যে শুধু অসাধারণ পরিচালকই নন, একজন অসাধারণ অভিনেতাও, সেটা প্রমাণ করেছেন রক অন ছবিতে অভিনয়ের মাধ্যমে। মুম্বাইয়ের এক রক ব্যান্ডের প্রধান গায়ক আদিত্য চরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে একজন প্লেব্যাক শিল্পী হিসেবেও আবির্ভূত হয়েছিলেন ফারহান আখতার। কার্তিক কলিং কার্তিক, জিন্দেগি না মিলেগি দোবারা—প্রতিবারই ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয়ে সফল ফারহান গত বছর ভাগ মিলখা ভাগ-এর মাধ্যমে আরও একবার দেখালেন তাঁর অভিনয়দক্ষতা। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করে এবারের ফিল্ম ফেয়ারের সেরা অভিনেতা পুরস্কারটি এখন ফারহানের শোকেসেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান অভিনীত নতুন ছবি শাদি কি সাইড ইফেক্ট। ছবিতে প্রথমবারের মতো বিদ্যা বালানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন ফারহান। এক তরুণ দম্পতির বিবাহ-পরবর্তী প্রাত্যহিক জীবনের নানা মজার ঘটনা নিয়ে এই ছবির গল্প। সাত বছর আগে মুক্তিপ্রাপ্ত পেয়ার কি সাইড ইফেক্ট ছবির সিক্যুয়েল হিসেবে দর্শকদের আলাদাভাবে কৌতূহলী করে তুলেছে নতুন এই ছবিটি। মল্লিকা শেরওয়াত ও রাহুল বোস অভিনীত আগের ছবিটির মতো পরিচালক সাকেত চৌধুরী এবারের সিক্যুয়েলটিও পরিচালনা করেছেন। ছবিতে এই প্রথম কমেডিভিত্তিক একটি চরিত্রে অভিনয় করলেন ফারহান। এ ছাড়া সামনেই আসবে ফারহান অভিনীত বোম্বে সামুরাই (কারিনা কাপুর), শাহরুখ খানের সঙ্গে রাইস, বোন জোয়া আখতারের ছবি দিল ধাদাকনে দো এবং রক অন টু। তবে অভিনয়ে নেমে ফারহান মাথা থেকে ঝেড়ে ফেলেননি পরিচালনার ছকটাও। আগামী বছর ডন থ্রিও আসবে ফারহানের পরিচালনাতেই।
সাজিদুল হক
টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে