ফারহানা মিঠু ৫ প্রশ্ন
পালাকারের ব্যানারে মঞ্চে এসেছে নারীগণ নাটকটি। সৈয়দ শামসুল হকের লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। এতে অভিনয় করেছেন ফারহানা মিঠু। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। নাটকটিতে আপনার চরিত্র কী ধরনের?শরিফুন্নেছা চরিত্রে আমি অভিনয় করেছি। সিরাজউদ্দৌলার নানি। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হলে প্রাসাদে নারীরা আটকে পড়েন। শরিফুন্নেছাসহ প্রাসাদের সব নারী বন্দী হন। কিন্তু শরিফুন্নেছা তাঁর আভিজাত্যের জায়গা থেকে বন্দী অবস্থা মেনে নিতে পারেন না। বিভিন্ন কৌশল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। যুদ্ধে পরাজিত হওয়ার পর সম্পদের সঙ্গে নারীরাও যে দখল হয়ে যায়, সেটা আর বুঝতে বাকি থাকে না তাঁর। সব চেষ্টাই ব্যর্থ হয়।বর্তমান সময়ে এ নাটকের কতটুকু প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন?অবশ্যই প্রয়োজনীতা আছে। কেননা, এখনো নারীর মূল্যায়ন করা হয় না। ২০১২ সালে এসেও পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত দেশগুলোয় শিশু ও নারীরা আক্রান্ত হচ্ছেন অনেক বেশি। এখনো নারীরা নিজেদের অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না।আপনি তো অনেক দিন পর আবার মঞ্চে কাজ করছেন?নাগরিক নাট্যসম্প্রদায়ের কর্মী হিসেবে প্রথম কাজ করি নাট্যত্রয়ী নাটকে; এরপর ছায়ানট নাটকে। লন্ডনের তারা আর্টস থিয়েটারের হয়ে সোনাটা ও জুলিয়াস সিজার নাটকে অভিনয় করি। এর মাঝখানে কিছু টেলিভিশন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের কারণে মঞ্চে কাজ করা হয়নি।এখন থেকে কি নিয়মিতই মঞ্চে কাজ কাজ করবেন?ভালো লাগা থেকেই থিয়েটারে কাজ শুরু করি। সেই ভালো লাগা নিজের কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন মঞ্চনাটক থেকে দূরে থাকলেও এখন আবার নতুন করে শুরু করেছি। এই মুহূর্তে মাথায় কেবল নারীগণ নাটকটিই কাজ করছে।কখন, কীভাবে থিয়েটারে যাত্রা শুরু হলো?২০০৪ সালের কথা। গাজী রাকায়েতের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের জন্য আমি আর আতা ভাই (আতাউর রহমান) একসঙ্গে শুটিং লোকেশনে যাচ্ছিলাম। গাড়িতে বসেই তাঁর কাছে মঞ্চে কাজের আগ্রহ প্রকাশ করি। এরপর তিনি আমাকে আসতে বললেন। একদিন আবেদনপত্র নিয়ে নাগরিকে গেলাম। তখন নাট্যত্রয়ীর পাণ্ডুলিপি পড়া চলছিল। মোটামুটি ওই দিন থেকেই থিয়েটারের সঙ্গে জড়িয়ে গেলাম।