ফারহানের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পেয়ার কি সাইড ইফেক্টস’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এবার এ ছবিটির সিক্যুয়েল তৈরির কাজে হাত দিয়েছেন প্রযোজক প্রীতিশ নন্দী। ‘শাদি কি সাইড ইফেক্টস’ নামের এ ছবিতে জুটি বাঁধবেন বিদ্যা বালান ও ফারহান আখতার।সাধারণত মূল ছবির অভিনয়শিল্পীরাই সিক্যুয়েলে অভিনয় করেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ‘শাদি কি সাইড ইফেক্টস’। মূল ছবিতে সিড ও তৃষা চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল বোস ও মল্লিকা শেরাওয়াত। কিন্তু এর সিক্যুয়েলের চরিত্র দুটিতে দেখা যাবে ফারহান আখতার ও বিদ্যা বালানকে। বিয়ের পর সিড ও তৃষার ভালোবাসার কাহিনিকে উপজীব্য করে এগিয়েছে ছবিটির গল্প।এ প্রসঙ্গে প্রীতিশ নন্দীর উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, মূল ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘শাদি কি সাইড ইফেক্টসের’ কাহিনি।ছবির দুটি প্রধান চরিত্রে অভিনয়শিল্পীর পরিবর্তন এলেও পরিচালক সকেট চৌধুরী ও সংগীতপরিচালক প্রীতম অপরিবর্তিত থাকছেন। বিয়ের আগে ও পরে ভালোবাসা কীভাবে কাজ করে, তা তুলে ধরা হবে এ ছবিতে। এরই মধ্যে বিদ্যা ও ফারহান ছবিটির চিত্রনাট্য পড়েছেন। পছন্দও করেছেন।এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ফারহান জানিয়েছেন, ‘রোমান্টিক-কমেডি ধর্মী ছবি শাদি কি সাইড ইফেক্টস। এই ঘরানার ছবিতে আগে অভিনয় করা হয়নি। নতুন একটি অভিজ্ঞতা হবে বলেই আশা করছি। ছবিটির জন্য দারুণ মজার গল্প লিখেছেন সকেট। জীবনের সাদামাটা টুকরো টুকরো গল্পকে উপজীব্য করে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। অনেকেই এর সঙ্গে তাঁদের জীবনের মিল খুঁজে পাবেন। এ ছাড়া বিদ্যার সঙ্গে কাজের সুযোগ পাব এই ছবির মাধ্যমে।’এদিকে বিদ্যা জানিয়েছেন, ‘পেয়ার কি সাইড ইফেক্টস ছবিটি অনেক ভালো লেগেছিল আমার। এর সিক্যুয়েলে অভিনয়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ভালোবাসার সম্পর্কে স্বামী-স্ত্রী বিশেষণযুক্ত হওয়ার পর কী কী ঘটতে পারে, তা খুব সহজভাবে ফুটে উঠেছে ছবিটির গল্পে। এই প্রথম ফারহানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। ফারহান সাবলীল অভিনয় করেন। আশা করছি, বাস্তবসম্মতভাবে আমরা আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলতে পারব।