ফারাহ রুমার ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ রুমা
ফারাহ রুমা

ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পী ফারাহ রুমা। সম্প্রতি নেপাল ঘুরে এসেছেন এই মডেল ও অভিনেত্রী। সামনের ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিত কয়েকটি নাটকের শুটিং এরই মধ্যে শেষ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনিমেষ আইচের পরিচালনায় ‘ছাপ’ ও ‘ঘাস’, চয়নিকা চৌধুরীর ‘পোড়া প্রেম’ ও ‘লজ্জা’, হিরার ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘গ্রেট মামা সেন্টার’। বর্তমানে শুটিং চলছে এবং শুটিং অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি ঈদের নাটক। এসব নাটকের পরিচালকেরা হলেন গিয়াস উদ্দিন সেলিম, ফয়সাল রাজিব ও অনিমেষ আইচ। এ ছাড়া ঈদ আয়োজনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলাপচারিতা অথবা আড্ডার অনুষ্ঠান বা বিশেষ অনুষ্ঠান তো থাকছেই, যেগুলোতে এরই মধ্যে অংশগ্রহণের জন্যে শিডিউল মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। কয়েকটি অনুষ্ঠানের রেকর্ডিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।

ব্যস্ততা প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘আসলেই দম ফেলার একটুও সময় নেই। অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি এবার নাটক প্রযোজনাও করেছি। তাই চাপটা আরেকটু বেশি। সেই সঙ্গে বরাবরের মতো গুণী ও পছন্দের নির্মাতার নাটক-টেলিছবিতে অভিনয় করছি। আশা করছি দর্শকের কাছে আমার কাজগুলো ভালোই লাগবে।’

এদিকে নাটক প্রযোজনা প্রসঙ্গে ফারাহ রুমা আরও বলেন, ‘শখের বসেই চয়নিকা দি-র পরিচালনায় একটা নাটক প্রযোজনা করলাম। এটা আমার কাছে অত সিরিয়াস কিছু নয়। তবে ভবিষ্যতে নিয়মিত প্রযোজনা করার ইচ্ছে আছে।’

ফারাহ রুমা ইতিমধ্যেই চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির নাম ‘পুত্র এখন পয়সাওয়ালা’। তবে ছবিটি এখনো বড় পর্দার মুখ দেখেনি। গাজী মাজহারুল আনোয়ারের গল্পে ছবিটি পরিচালনা করেছেন নারগিস আকতার। ছবিতে ফারাহ রুমা অভিনয় করেছেন ইমনের বিপরীতে।

বড় পর্দায় অভিনয়ের বিষয়ে ফারাহ রুমা বলেন, ‘বড় পর্দায় কাজ করার ইচ্ছে আমার সব সময়ই ছিল। নার্গিস আক্তারের পরিচালনায় এ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তা কিছুটা পূর্ণ পেল। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলে বাকিটাও পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি।’

গত বছরের শুরুর দিকে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটির শুটিং শুরু করেন ফারাহ রুমা। এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। তবে চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের ইচ্ছা রয়েছে বলেও জানান ফারাহ রুমা।

ঈদ উপলক্ষে টিভি, টেলিছবি এবং বিভিন্ন চ্যানেলের আলাচারিতা ও আড্ডার অনুষ্ঠানের কাজ নিয়ে হিসেব মিলাতে বেশ হিমশিম খাচ্ছেন ফারাহ রুমা। বলা যায়, দম ফেলার সময়ও পাচ্ছেন না তিনি। ঈদের পর এ ধরনের ব্যস্ততা কাটিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করবেন ফারাহ রুমা।