ফারাহকে শাহরুখের তৃতীয় গাড়ি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান
ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান

বন্ধু ও সহকর্মীদের নানান দামি উপহার দেওয়ার বাতিক আছে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের। তাঁর সঙ্গে নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খানের দোস্তি অনেক দিনের। গতকাল সোমবার ফারাহকে কালো রঙের বিলাসবহুল একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিয়েছেন কিং খান। ফারাহ এর আগেও শাহরুখের কাছ থেকে দুটি দামি গাড়ি উপহার পেয়েছিলেন।
চমত্কার গাড়িটি উপহার পেয়ে ফারাহ তো দারুণ খুশি। উপহার পাওয়ার পরপরই তিনি শাহরুখের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলেন। পরে তা পোস্ট করেন টুইটারে।
ছবি পোস্ট করার পাশাপাশি বন্ধু শাহরুখকে ধন্যবাদ জানিয়ে এক টুইটার বার্তায় ফারাহ লেখেন, ‘আপনারা দেখুন আমি কি চমত্কার একটি উপহার পেয়েছি! তোমাকে অনেক অনেক ধন্যবাদ শাহরুখ। এই উপহার আর বন্ধুত্ব আমার হূদয় ছুঁয়ে গেছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ফারাহ যে গাড়ি ব্যবহার করতেন মাস খানেক আগে তা বিকল হয়ে যায়। এখনো সেটির মেরামতের কাজ শেষ হয়নি। বিপদে বন্ধুর পাশে দাঁড়ান শাহরুখ। নিজের একটি গাড়ি তিনি ফারাহকে দেন সব সময় ব্যবহারের জন্য।
ফারাহ পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ। ফারাহ নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন। কিন্তু ছবির শুটিংয়ের ব্যস্ততায় গাড়ি কেনার জন্য সময় বের করতে পারছিলেন না ফারাহ। হঠাত্ করেই গতকাল ফারাহকে নতুন গাড়ি উপহার দিয়ে তাঁকে প্রচণ্ড অবাক করে দেন শাহরুখ। 

টুইটারে পোস্ট করা ছবিতে নতুন উপহার পাওয়া গাড়ির সামনে এভাবেই দেখা গেছে শাহরুখ ও ফারাহকে
টুইটারে পোস্ট করা ছবিতে নতুন উপহার পাওয়া গাড়ির সামনে এভাবেই দেখা গেছে শাহরুখ ও ফারাহকে


এ প্রসঙ্গে ফারাহ বলেন, ‘শাহরুখ আমাকে তার অফিসে যেতে বলল। সে জানাল, আমাকে কিছু একটা দেখাতে চায়। সাধারণত ছবির শুটিং শেষ হওয়ার পর শাহরুখ আমাকে উপহার দেয়। কিন্তু ‘‘হ্যাপি নিউ ইয়ার’’ ছবির কাজ শেষ হতে এখনও ঢের সময় বাকি। জুন মাস পর্যন্ত এর শুটিং চলবে। এজন্য আমি ভাবতেও পারিনি, আমার জন্য এমন চমত্কার একটি গাড়ি কিনেছে শাহরুখ। উপহারটি পেয়ে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি।’
এর আগে ফারাহ খানের ‘ম্যায় হু না’ (২০০৪) এবং ‘ওম শান্তি ওম’ (২০০৭) ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ। ‘ম্যায় হু না’ ছবি মুক্তির আগে ফারাহকে হুন্দাই ব্র্যান্ডের দামি একটি গাড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ। আর ‘ওম শান্তি ওম’ ছবি মুক্তির আগে তাঁর কাছ থেকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার পেয়েছিলেন ফারাহ। দুটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখে। এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি মুক্তির আগেও ফারাহকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিলেন শাহরুখ। এই ছবিটিও আগের দুটি ছবির মতো সাফল্য বয়ে আনে কি না সময়ই তা বলে দেবে।