ফারিয়া ও জিৎ-এর 'ইন্সপেক্টর নটি কে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ভারতের কলকাতার জিৎ আরেকটি ছবিতে জুটি বাঁধছেন—এ খবর আগেই প্রকাশিত হয়েছে। মহরতের মধ্য দিয়ে ছবির নাম চূড়ান্ত হলো এবার। নাম ইন্সপেক্টর নটি কে।

ছবিটির নায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘গত বুধবার কলকাতায় মহরত হয়েছে। আমি থাকতে পারিনি। জিৎ মুঠোফোনে ছবির নাম জানিয়েছেন আমাকে।’

বাদশা, বস ২-এর এই জুটির পরের ছবিটিও যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও জিৎ-এর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্মওয়ার্ক।

এদিকে ছবির নির্ধারিত শুটিং শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে। আগে ১৭ আগস্ট শুটিং শুরুর কথা থাকলেও এখন ২৩ আগস্ট থেকে শুটিং শুরু হবে।

বড় পর্দার এই অভিনেত্রী বলেন, ‘নতুন শিডিউলের বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। আমার ৪০ দিনের শিডিউল নেওয়া হয়েছে। ইতালিতে ২৫ দিন শুটিং হবে। বাকি শুটিং ভারত ও বাংলাদেশে। তার আগে লুক সেটের জন্য ২০ অথবা ২১ আগস্ট কলকাতা যাব।’

গল্প প্রসঙ্গে আগেই মুখ খুললেন না ছবির পরিচালক অশোক পতি। কলকাতা থেকে মুঠোফোনে এই নির্মাতা বলেন, ‘রোমান্টিক কমেডি ধাঁচের গল্পের ছবি হবে এটি। সেখানে জিৎ ও ফারিয়া দুজনকেই পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।’