ফারুকীর ছবিতে নওয়াজুদ্দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজুদ্দিন সিদ্দি​িক,মোস্তফা সরয়ার ফারুকী
নওয়াজুদ্দিন সিদ্দি​িক,মোস্তফা সরয়ার ফারুকী

গতকাল সকাল থেকেই ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার পাতায় চোখ আটকেছে বাংলাদেশের অনেক সিনেমাপ্রেমীর। কারণ, সেখানে প্রকাশ পেয়েছে এক নতুন খবর। বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আন্তর্জাতিক ছবি নো ল্যান্ড’স ম্যান-এ নাকি অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিিক। খবরের সত্যতা জানতে কথা হলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। কিন্তু তিনি মুখে তালা ঝুলিয়েছেন। জানিয়েছেন, এ ব্যাপারে কিছুই জানা নেই তাঁর। এটা সত্য যে টাইমস অব ইন্ডিয়া পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি, তবে নওয়াজুদ্দিনের ব্যাপারে এখনো নিশ্চিত হননি। তবে ফারুকীর সঙ্গে আলাপ আরও গাঢ় হলে তিনি বলেন, ‘আশা করা যাচ্ছে, আরও মাস খানেক লাগবে নো ল্যান্ড’স ম্যান ছবির কলাকুশলীর বিষয় নির্ধারণ করতে। তখনই স্পষ্ট করে বলা যাবে সব।’
এদিকে গত মার্চ মাসে টাইমস অব ইন্ডিয়াতেই প্রকাশিত হয় নওয়াজুদ্দিন সিদ্দিকির একটি সাক্ষাৎকার। সেখানে তিনি নিজেই বলেন ফারুকীর পাণ্ডুলিপির কথা। তিনি এও জানান, পাণ্ডুলিপি তাঁর পছন্দ হয়েছে। সাক্ষাৎকারে ফারুকীর পাণ্ডুলিপি নিয়ে নওয়াজুদ্দিন বলেন, ‘ছোট পরিসরের কিন্তু ভালো মানের একটি পাণ্ডুলিপি এ মুহূর্তে হাতে আছে। এটা নিয়ে আমি কাজ করতে চাই।’
নওয়াজুদ্দিনের এই মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হয় ফারুকীর কাছে। তিনি বলেন, ‘এ সাক্ষাৎকারটির ব্যাপারে আমি আসলে জানতামই না। সম্প্রতি যখন ভারত থেকে আমার কাছে ফোন এল, তখনই আমি জানলাম।’ শিল্পী নির্বাচনের ব্যাপারে একেবারেই মন্তব্যহীন ফারুকী। তবে নো ল্যান্ড’স ম্যান নিয়ে তিনি জানান, ছবিটির ৭০ ভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে, ২০ ভাগ ভারতে, ৪-৫ ভাগ বাংলাদেশে, বাকি অংশ অস্ট্রেলিয়ায়। ছবির সংলাপেও থাকবে নানা ভাষার মিশেল। বেশির ভাগ দৃশ্যায়ন হবে ইংরেজি ভাষায়। থাকবে হিন্দি, উর্দু ও বাংলা ভাষার ব্যবহারও।