ফারুকীর নতুন ছবিতে ইরফান খান

বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা ইরফান খান। গতকাল সোমবার রাত ১২টার খানিক আগে ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন তথ্য জানিয়ে স্ট্যাটাস দেন।
ফারুকী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘কাছের মানুষ যাঁরা, তাঁরা ঠিকই অনুমান করছিলেন, বড় কিছুর আয়োজন হচ্ছে।...ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি “ডুব”-এ। যার ইংরেজি টাইটেল ‘নো বেড অব রোজেস’।
ফারুকী আরও জানিয়েছেন, শুধু অভিনয়ই নয়; এ ছবিতে ইরফান খান একজন সহ-প্রযোজক হিসেবেও থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন নুসরাত ইমরোজ তিশা। এ ছবিতে ইরফান ও তিশা ছাড়া আরও অভিনয় করবেন পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু, নাদের চৌধুরী প্রমুখ।
গোপনে ছবির প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘গোপনে প্রস্তুতি নেওয়া যে কতটা কঠিন, সেটা গত কয় মাসে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। অবশেষে আমি মোটামুটি “প্রেস এমবার্গো” থেকে মুক্ত। মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি।’
ইরফান খান সম্পর্কে ফারুকী বলেন, ‘ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তাঁর প্রতি কৃতজ্ঞতা আমাকে ভালোবাসার জন্য।’
ছবিটির প্রযোজক হিসেবে রয়েছে জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।
মার্চের মাঝামাঝি সময় থেকে এই নতুন ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন ফারুকী।
নির্মাতা ফারুকীর সর্বশেষ ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এ ছবিতে অভিনয় করেছিলেন ভারতের শিনা চৌহান।