ফারুকীর ‘টেলিভিশন’ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’ মুক্তির আগেই বাজিমাত করেছে। জিতে নিয়েছে এবারের ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত ছবির তালিকায় ফারুকীর ‘টেলিভিশন’-এর সঙ্গে আছে ইরানের কিংবদন্তি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের ‘দ্য গার্ডেনার’ এবং জাপানি পরিচালক আতসুশি ফুনহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’।জানা গেছে, প্রতিবছর পুরো এশিয়া থেকে চলচ্চিত্রকারেরা তাঁদের সদ্য নির্মিত ছবি সম্পাদনা করে এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কারের জন্য জমা দিয়ে থাকেন। সেখান থেকে কর্তৃপক্ষ তিনটি ছবি নির্বাচিত করে। এবারও এই তিনটি ছবি নির্বাচিত হয়েছে।এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কারের মূল্যমান ধরা হয়েছে ৫০-৭০ হাজার ডলারের মতো। পুরস্কারের অংশ হিসেবে ছবিগুলোকে কোরিয়ায় ডি আই, ডলবি সাউন্ড ও ফাইনাল প্রিন্টিংয়ের সুযোগ দেওয়া হয়। আর এ কাজটি করতে টেলিভিশন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে কোরিয়ায় অবস্থান করছেন। প্রথম আলো ডটকমকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এ রকম বড় স্বীকৃতি পেলে অবশ্যই আরাম লাগে। তবে এ পুরস্কার আমার আনন্দের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালকের নামের তালিকায় আছেন মোহসেন মাখমালবাফ। ছোটবেলা থেকেই যাঁর ছবি, যাঁর কাজ নিয়ে অনেক আলোচনা করেছি, তাঁর মতো কিংবদন্তি পরিচালকের নামের পাশে নিজের নাম দেখতে পারার মধ্যে অদ্ভুত লজ্জা মিশ্রিত আনন্দ রয়েছে।’ পরিচালক সূত্রে জানা গেছে, ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি এ বছরের শেষ দিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবির অডিও অ্যালবামটি ঈদের আগে বাজারে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ঈদের দুই সপ্তাহ পর বাজারে ছাড়া হবে। টেলিভিশন ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘টেলিভিশন’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরও অনেকে।ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদর ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ ছবিটি এর আগে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভাল এ চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নেয়।