ফার্স্ট লেডির নৃত্যপ্রতিভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল ওবামা তাঁর নাচের দক্ষতার প্রমাণ দিয়েছেন আগেও। দু-একটি টিভি অনুষ্ঠানে একটু-আধটু নাচতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিকে। গত সোমবার ১৩৭তম হোয়াইট হাউস ইস্টার এগ রোল অনুষ্ঠানে একটি পুরোদস্তুর নাচের পরিবেশনা দিয়ে উপস্থিত ৩৫ হাজার দর্শককে চমকে দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ‘সো ইউ থিংক ইউ ক্যান ড্যান্স’ অনুষ্ঠানের তারকারা। নৃত্যশিল্পীদের সঙ্গে মিশেল নিছক হাত-পা নেড়েছেন ভাবলে ভুল করবেন। নাচের দলে তিনি ছিলেন নেতৃত্বে! মার্ক রনসনের জনপ্রিয় ‘আপটাউন ফাংক’ গানটির সঙ্গে পুরো পরিবেশনা দেখেই বোঝা গেছে, মহড়া-টহড়া করে প্রস্তুতি নিয়েই মঞ্চে উঠেছিলেন ফার্স্ট লেডি। মিশেল ওবামা পরিচালিত সংগঠন ‘লেটস মুভ’-এর পঞ্চম বার্ষিকী উদ্যাপন ছিল অনুষ্ঠানটির অন্যতম উপলক্ষ। পাঁচ বছর ধরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করছে সংগঠনটি। সিএনএন।