কুশল বিনিময়ের পর জিজ্ঞেস করলাম, ফাহমিদা আপা, আপনার কণ্ঠে যেন আনন্দের রেশ?হ্যাঁ, ঠিক বলেছেন। ১২ ফেব্রুয়ারি (আজ) বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে যে সংগীত উৎসব হচ্ছে, তাতে গান করব। এক ঘণ্টা গাইব। কলকাতায়।আর কে গাইবেন?অনুষ্ঠান তো কয়েক দিন ধরেই। আমরা গাইব ১২ তারিখে। বাংলাদেশ থেকে আমি আর বাপ্পা মজুমদার। কলকাতার শ্রীকান্ত ও শুভমিতা। প্রত্যেকেই এক ঘণ্টা করে গাইবেন।শুনে ভালো লাগল। কিন্তু আনন্দ তো এখনো সরছে না কণ্ঠ থেকে!(হাসি) আমার দুপুরে একলা পাখি অ্যালবামটিও ভারতে মুক্তি পাচ্ছে সেদিন। আপনার তো মনে আছে, অ্যালবামটি ভিন্ন ধরনের। গজল ধরনের ঠান্ডা গান আছে তাতে। সেই ২০০৫ সালের দিকে আমাদের গানে যখন অস্থিরতা চলছিল, তখনই একধরনের চ্যালেঞ্জ নিয়ে অ্যালবামটি করেছিলাম। গোলাম মোর্শেদের কথা, নিপোর সুর আর সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। এই অ্যালবাম শুনেই সেলিম আল দীন আমাকে দিয়ে তাঁর গানগুলো করানোর কথা ভেবেছিলেন। বলেছিলেন, ‘আমার গান তুমি ভালো গাইবে।’এখনো মনে হয়, সব আনন্দ ভাগাভাগি করে নেননি!হ্যাঁ, ঠিক বলেছেন। আমার ‘লুকোচুরি’ গানটি তো শুনেছেন। আহা সিনেমার গান। এবার গাইছি গাজী রাকায়েতের ছবিতে, ‘কালা কইন্যা’। ভালো লাগল কণ্ঠ দিতে পেরে।এতগুলো সুসংবাদ থাকলে তো আনন্দেই থাকার কথা!আরও বাকি আছে। ভালোবাসা দিবসের জন্য লিমন আর আল আমীনের সঙ্গে একটি অ্যালবাম করেছি। সব কটি গানেরই মূল কথা, মানুষের মধ্যে ভালোবাসাটা থাকুক।আপনাকে টেলিভিশন চ্যানেলে গাইতে দেখা যায় কম...আমাদের দেশে খুব কম চ্যানেলই শিল্পীদের যথাযথ সম্মান দিয়ে কাজ করায়। সম্মান দেওয়া না হলে শিল্পী আহত হন। দর্শক-শ্রোতারা কিন্তু ভালো জিনিসটিই চান। নতুন-পুরোনো-মাঝের—সবাইকেই সম্মান করতে হয়। যার যা প্রাপ্য, সেটাই তাঁকে দেওয়া উচিত।আপনার জন্য রইল শুভকামনা। গানে গানে আমাদের আনন্দ দিয়ে যান আরও অনেক দিন।নিশ্চয়ই! (হাসি)।