ফাহমিদারঅ্যালবামেরসুরকারনকীব-পিলু

দেশের অন্যতম ব্যান্ড রেনেসাঁর হাল ধরে আছেন দুই সহোদর নকীব আর পিলু খান। ৩০ বছরেরও বেশি সময় ধরে গান করে চলছেন তাঁরা। মাঝেমধ্যে তাঁদের ব্যান্ডের অ্যালবামের বাইরেও যে কিছু অ্যালবামে সুরকার হিসেবে দুজনে কাজ করেননি তা নয়, তবে সেটা বিচ্ছিন্ন ঘটনা। এবারে একসঙ্গে পুরো একটি অ্যালবামের সুর করলেন দুই ভাই। ‘ইচ্ছে হয়’ নামের এ অ্যালবামের সব কটি গানেই কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। আর গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। এতে মোট গান থাকছে আটটি।
রাজধানীর ড্রিমডেস্ক স্টুডিওতে এখন চলছে গানগুলোর মিক্স-মাস্টারিংয়ের কাজ। ‘ইচ্ছে হয়’ শিরোনামের এ অ্যালবামে থাকছে একটি দ্বৈত গানও। ‘তোমায় অনেক ধন্যবাদ’ শীর্ষক গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
প্রথম আলো ডটকমকে নকীব খান বলেন, ‘এক সপ্তাহের সিদ্ধান্তে অ্যালবামটির কাজ করা। ফাহমিদা নবীর প্রথম অ্যালবামটিরও সবগুলো গানের সুর করেছিলাম। তারপর অনেক দিন একসঙ্গে কাজ করা হয়নি। অনেক সুন্দর কিছু গান লিখেছেন রাসেল। চেষ্টা করছি ভালো কিছু গান তৈরি করতে।’
নকীব খান আরও বলেন, ‘এক বসাতেই “ইচ্ছে হয়” অ্যালবামের চারটি গানের সুর করেছি। এটা আমার নিজের জন্যও একটা রেকর্ড বলা যায়। কারণ, সাধারণত এরকমভাবে এক বসাতে আগে কখনো এতগুলো গানের সুর একসঙ্গে করা হয়নি। সবকিছু মিলিয়ে অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে।’
অ্যালবামটির গীতিকার এবং আয়োজক জুলফিকার রাসেল বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি আলাদা ভঙ্গিতে গান লিখতে ও আলাদা অবয়বে অ্যালবাম সাজাতে। “ইচ্ছে হয়” অ্যালবামে কাজ করার সুযোগ হয়েছে দুই গুণী মিউজিশিয়ান সহোদরের সঙ্গে। চেষ্টা করেছি ওয়েস্টার্ন মেলোডিকে প্রাধান্য দিয়ে কিছু রোমান্টিক গান তৈরি করতে। আমার বিশ্বাস, ফাহমিদা আপার কণ্ঠে গানগুলো শ্রোতাদের কাছে মুগ্ধতা ছড়াবে।’
‘ইচ্ছে হয়’ অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমি অনেক ভাগ্যবান। তা না হলে এমন একটি অ্যালবাম তৈরি করা সম্ভব হতো না। আশা করছি, “ইচ্ছে হয়” অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
‘ইচ্ছে হয়’ অ্যালবামের উল্লেখযোগ্য গানের শিরোনাম হলো মাঝে মাঝে তোমার কথা, ইচ্ছে হয়, আমার মন ভালো নেই বলে, ইচ্ছে করেই এমন কর, আদর করে কোনটা বল প্রভৃতি।