ফিডব্যাক 'এখন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা
ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা

ফিডব্যাক ওটু এসেছিল ২০০২ সালে। এরপর পেরিয়েছে এক যুগের বেশি সময়। আর কোনো অ্যালবাম প্রকাশ করেনি ফিডব্যাক। এ সময় ব্যান্ডের সদস্যরা নিজেদের ব্যস্ত রেখেছেন কনসার্ট আর টিভির লাইভ অনুষ্ঠানে। তৈরি করেছেন নতুন গান। কিন্তু কপিরাইট জটিলতার কারণে গানগুলো প্রকাশ করতে পারেননি। সব ঝামেলার অবসান হয়েছে। এসেছে ফিডব্যাকের নতুন অ্যালবাম। নাম এখন। অডিও সিডি আকারে নয়, অ্যালবামের ছয়টি গান এসেছে ডিজিটাল প্রযুক্তিতে। বের করেছে জিপি মিউজিক।
ফিডব্যাকের সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বছর সাতেক আগেই অ্যালবামের সব কটি গানের কথা, সুর ও সংগীত পরিচালনার কাজ শেষ করেছি। তখন কপিরাইট জটিলতা সামনে চলে আসে। গানের স্বত্ব কার কাছে থাকবে, শিল্পী নাকি প্রযোজনা প্রতিষ্ঠানের। এই জটিলতার কারণেই অ্যালবাম প্রকাশ করা থেকে বিরত থেকেছি। এখন কিছুটা সমাধান হয়েছে।’
ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম প্রকাশের ব্যাপারে ফোয়াদ নাসের বাবু বলেন, ‘এখন অডিও বাজার অস্থিতিশীল। পাইরেসির সমস্যাও রয়েছে। এ জন্য সিডি আকারে অ্যালবাম প্রকাশ করিনি। ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম প্রকাশ করেছি। ফলে বিশ্বের বিভিন্ন দেশে শ্রোতাদের কাছে গানগুলো সহজেই পৌঁছে যাবে।’
জিপি মিউজিকে এখন শোনা যাচ্ছে ফিডব্যাকের ‘হৃদয়ে হৃদয়ে’, ‘মনে হয়’, ‘নিঝুম রোদ’, ‘ফসলের গান’, ‘প্রতারণা’ ও ‘এক আকাশ’ গানগুলো।
ফিডব্যাক ব্যান্ডে নতুন যুক্ত হয়েছেন রায়হান। এবার গান গেয়েছেন তিনিও। রায়হান বললেন, ‘ফিডব্যাকে আমার বয়স ছয় মাস। এরই মধ্যে ফিডব্যাকের চারটি গানে কণ্ঠ দিয়েছি। এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।’
ঈদের পর গান শুনে অনেকেই তাদের অনুভূতির কথা জানাচ্ছে ফিডব্যাকের ওয়েবসাইটে। রায়হান বলেন, ‘মাত্র তো জিপি মিউজিকে গানগুলো এসেছে। এরই মধ্যে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।’
ব্যান্ডের আরেকজন সদস্য লাবু রহমান বলেন, ‘এবার আমরা গানের পাশাপাশি অ্যালবামের প্রচ্ছদকে গুরুত্ব দিয়েছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে ২০১৫ সাল পর্যন্ত যেসব ঘটনা আছে, যেগুলো আমাদের জীবন আর গানকে স্পর্শ করেছে, তা তুলে ধরেছি।’
এখন অ্যালবামে গান থাকছে ১০টি। ফোয়াদ নাসের জানান, মাস তিনেকের মধ্যেই অডিও সিডি আকারে অ্যালবামটি প্রকাশ করা হবে। নতুন আসা গানগুলো নিয়ে বললেন, ‘আমরা নিজেদের খুব বেশি ভাঙতে চাইনি। ছয়টা গানের মধ্যে একটা গানকে সমকালীন করার চেষ্টা করেছি। তা ছাড়া ফিডব্যাকের গান ফিডব্যাকের মতোই।’