ফিডব্যাককে মাকসুদের আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোয়াদের সঙ্গে ফিডব্যাক তাদের জনপ্রিয় গানগুলো রিমেক করার উদ্যোগ নেওয়ায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যান্ডটির সাবেক সদস্য মাকসুদ। এরই মধ্যে নকিয়ার ওয়েব পোর্টাল www.nokia.com.bd/play ঠিকানার ওয়েবসাইটে ফিডব্যাকের জনপ্রিয় ২০টি গান দেওয়া হয়েছে। সেখান থেকে দর্শক জরিপে বাছাই করা সেরা ১০টি গান রিমেক করা হবে। মাকসুদের আইনজীবী ব্যারিস্টার অনীক হক জানান, গত বৃহস্পতিবার পাঠানো এই আইনি নোটিশে বলা হয়েছে, অবিলম্বে এই প্রচারণা বন্ধ করতে হবে অথবা মাকসুদের লেখা ও সুর করা গান প্রচারণা থেকে বাদ দিতে হবে অথবা কপিরাইট আইন অনুযায়ী মাকসুদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।অনীক হক বলেন, ‘কপিরাইট আইনের ধারা-১৭ অনুযায়ী যিনি গান রচনা করেছেন তাঁর প্রথম স্বত্ব, এরপর স্বত্ব সুরকারের। ফিডব্যাকের যে অ্যালবামগুলো এর আগে প্রকাশিত হয়েছে, সেখানে গানগুলোর গীতিকার ও সুরকার হিসেবে মাকসুদের নাম রয়েছে। এখন এই গানগুলো রিমেক বা রিমিক্স করার কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই মাকসুদের অনুমতি নিতে হবে; কিন্তু কেউই মাকসুদের সঙ্গে যোগাযোগ করেনি।’এ ব্যাপারে ফিডব্যাকের দলনেতা ফোয়াদ নাসের বাবু বলেন, ‘আমরা মাকসুদের সঙ্গে আলোচনা করেছি। আমরা তাঁর কথা শুনেছি, আমাদের কথা তাঁকে বলেছি। গানগুলো কীভাবে ব্যবহার করা হবে, সে ব্যাপারে একটা সমঝোতা হয়েছে।’কিন্তু এ ধরনের সমঝোতার কথা অস্বীকার করেন মাকসুদের আইনজীবী। আইনি নোটিশের ব্যাপারে মতামত জানার জন্য মাকসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি মুঠোফোনবার্তায় তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।