ফিদা হুসেনের একক চিত্র প্রদর্শনী শুরু
☀ ৯৬ বছরের জীবনে প্রচুর ছবি এঁকেছেন মকবুল।
☀ ‘এম এফ হুসেন: জার্নি ইন গ্রাফিকস’ প্রদর্শনী বুধবার শুরু হলো গ্যালারি কায়ায়।
☀ এ প্রদর্শনীতে দেখা যাবে ফিদা হুসেনের ৫৯টি ছাপচিত্র।
☀ হুসেনের জীবনের বিভিন্ন পর্বের ছবি আছে এই প্রদর্শনীতে।
☀ হুসেনের একক এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

কখনো ঘুড়ির মধ্যে দেখা যায় একটি মুখ। সেই মুখই আবার ফিরে আসে তরুণী কিংবা পঙ্খিরাজ ঘোড়ার সঙ্গে। ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেনের মতো এত আত্মপ্রতিকৃতি খুব কম শিল্পীই এঁকেছেন। তাঁর আঁকা বিখ্যাত সিরিজ ছবিগুলোতেও মাঝেমধ্যে উঁকি দেন তিনি।
৯৬ বছরের জীবনে প্রচুর ছবি এঁকেছেন মকবুল। তাঁর ছবি দেখতে হলে যেতে হয় পৃথিবীর বড় বড় গ্যালারিতে। তবে এবার বাংলাদেশেই তাঁর কিছু ছবি দেখা যাচ্ছে। ‘এম এফ হুসেন: জার্নি ইন গ্রাফিকস’ প্রদর্শনীটি গতকাল বুধবার শুরু হলো রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায়।
সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে দেখা যাবে ফিদা হুসেনের ৫৯টি ছাপচিত্র। লিথোগ্রাফ, সেরিগ্রাফ ও সিল্কস্ক্রিন মাধ্যমে ছবিগুলো করা। হুসেনের জীবনের বিভিন্ন পর্বের ছবি আছে এই প্রদর্শনীতে।
‘বানারসি’ সিরিজের ছবিগুলোতে হুসেন এঁকেছেন ভারতের কাশির পরিচিত কিছু দৃশ্য। সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’ ছবির কথা মনে পড়ে যায়। সেই পরিচিত ঘাট, মন্দির, গঙ্গায় সূর্যস্নান, শবদাহের দৃশ্য।
একসময় হুসেন এঁকেছেন কেরালার অনেক ছবি। রাজা রবি বর্মা থেকে শুরু করে সেখানকার বর্ষার দৃশ্য, সাধারণ মানুষের ছবি এঁকেছেন হুসেন। তিনি ১০০ ভাগ সাক্ষরতার রাজ্য কেরালার ছবি এঁকেছেন, আবার এঁকেছেন কেরালা বিদ্রোহের ছবি।

নিউইয়র্ক সিরিজের কিছু ছবিও আছে এখানে। আছে মহাভারত সিরিজের ছবি। মৎস্যরাজ-কন্যা রাজমাতা সত্যবতীকে দেখা যায়। দেখা যায় কুরুক্ষেত্রের সূর্যাস্তের শরশয্যায় পিতামহ ভীষ্মের পরাজিত মুখ। রামায়ণের হনুমান লঙ্কা জ্বালিয়ে ফিরছেন।
আছে বিখ্যাত ঘোড়া সিরিজের ছবিগুলোও। ছেলেবেলা থেকে দুলদুল ঘোড়া ও কারবালা কাহিনি শুনেছেন। পরে পাবলো পিকাসোর ছবি দেখে হয়েছেন অনুপ্রাণিত। হুসেনের আঁকা তেজদীপ্ত ঘোড়াগুলোয় আছে পিকাসোর ছাপ বা ভারতীয় কিউবিজমের নতুন রূপ।
আরও আছে বিখ্যাত মাদার সিরিজের ছবি। ছেলেবেলায় মা-হারানো ছেলে হুসেন তাঁর মাতৃমূর্তির কোনো চেহারা গড়েননি। স্নেহশীলা মাকে তিনি পরিয়েছেন নীল পাড়ের সাদা শাড়ি। শাড়ির ভাঁজে বারবার শিশু এঁকেছেন তিনি, স্মৃতিতে চলে আসেন মাদার তেরেসা, শান্তি ও সেবার প্রতীকরূপে।
মুম্বাইয়ের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যোগাযোগ তাঁর ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে। তাঁর চিত্রভাষায় একই সঙ্গে পাওয়া যায় ভারতীয় লোকচিত্রকলার স্বরূপ ও পশ্চিমের আধুনিকতার ছাপ।
গতকাল রাতে প্রদর্শনীটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দিল্লিতে মকবুল ফিদাকে দেখেছি। তাঁর কিছু প্রদর্শনী দেখারও সুযোগ হয়েছে। গ্যালারি কায়াকে ধন্যবাদ এমন একটি প্রদর্শনী করার জন্য। মানুষের রুচি তৈরি ও বিকাশে এমন আরও প্রদর্শনী দরকার।’
হুসেনের একক এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গ্যালারি কায়ার দরজা খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।