ফিদা হোসেনের 'প্রহেলিকা' শুরু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএমকে সেন্টারে সৈয়দ ফিদা হোসেন প্রদর্শনী দেখছেন দর্শক
ইএমকে সেন্টারে সৈয়দ ফিদা হোসেন প্রদর্শনী দেখছেন দর্শক

তরুন চিত্রশিল্পী সৈয়দ ফিদা হোসেন ক্যানভাসে মানবিক অস্তিত্বের সন্ধান করেছেন। সমন্বিতভাবে মানব মন, শরীর ও আত্মার বয়ান উঠে এসেছে তাঁর চিত্রভাষ্যে। তেমন কিছু ছবি নিয়ে শুরু হলো এই নবীন শিল্পীর প্রথম একক প্রদর্শনী। ধানমন্ডির ইএমকে সেন্টারে ‘প্রহেলিকা’ শিরোনামের প্রদর্শনীটির সূচনা হয় শনিবার। যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে ইএমকে সেন্টার ও আর্টকন। 

শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন হয়। বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী জামাল আহমেদ। সভাপতিত্ব করেন ইএমকে সেন্টারের পরিচালক এম. কে. আরেফ।
রং ও রেখার আলিঙ্গনে চিত্রপটে মানবসত্তার স্বরূপ অন্বেষণ করেছেন ফিদা হোসেন। নীরব অন্বেষণের প্রতিকূল লড়াইয়ে মেলে ধরেছেন মনুষ্য প্রকৃতির প্রকৃত চিত্র। এটি শিল্পীর প্রথম একক প্রদর্শনী।
শিল্পীর অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে সৃজিত ১৪টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ১৩ দিনের এ প্রদর্শনী শেষ হবে ২৮ জুলাই।
শিল্পী সৈয়দ ফিদা হোসেন ১৯৮৯ সালে দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর ড্রয়িং ও পেইন্টিংস বিভাগ থেকে ২০১১ সালে বি. এফ. এ এবং ২০১৫ সালে এম. এফ. এ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৮ তম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে ‘দীপা হক পুরস্কার’ অর্জন করেন ২০০৯ সালে এবং ২০১৪ সালে আয়োজিত ১৯ তম নবীন শিল্পী শিল্পকর্ম প্রদর্শনীতে লাভ করেন ‘সম্মানসূচক পুরস্কার’।
বর্তমানে শিল্পী সৈয়দ ফিদা হোসেন শিল্পচর্চার পাশাপাশি দৈনিক বণিক বার্তায় কার্টুনিস্ট হিসেবে কাজ করছেন।