ফিরছে সঞ্জয়ের 'খলনায়ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খলনায়ক’ ছবির পোস্টারে সঞ্জয় দত্ত
‘খলনায়ক’ ছবির পোস্টারে সঞ্জয় দত্ত

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘খলনায়ক’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে জেলপলাতক এক গ্যাংস্টারের চরিত্রে সঞ্জয়ের অনবদ্য অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। এবার বক্স অফিসে ঝড় তোলা ছবিটির সিকুয়্যেল কিংবা রিমেক তৈরির পরিকল্পনা করছেন নির্মাতা সুভাষ ঘাই।এ প্রসঙ্গে সুভাষ ঘাই বলেছেন, ‘আমরা “খলনায়ক” ছবিটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ছবির গল্প ও কাহিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এই মুহূর্তে নতুন এ প্রোজেক্টের কাজ একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ জন্য এখনই বিস্তারিত কিছু জানাতে চাইছি না। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে সবাইকে জানানো হবে।’‘খলনায়ক’ ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। আরও দুটি প্রধান চরিত্রে ছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ। ছবিটি মুক্তির বছরেই মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হন সঞ্জয়। জানিয়েছে পিটিআই।পরবর্তী সময়ে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে রেহাই পেলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে চলতি বছরের ২১ মার্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। এই মামলায় আগে দেড় বছর জেল খাটায় তাঁকে আর সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে।

এদিকে, সঞ্জয়কে চলতি মাসের ১৬ তারিখের মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। তাঁকে কোন কারাগারে রাখা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুনের ইয়েরাওয়াদা কারাগারে সাজা খাটার সম্ভাবনা রয়েছে ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতার।