ফিরছেন কেটি হোমস

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ভেতরে ভেতরে ভেঙেচুরে এলোমেলো হয়ে গিয়েছিলেন কেটি হোমস। সুখবর হলো অভিনয়ে ফিরছেন কেটি হোমস। প্রখ্যাত ব্রিটিশ সাহিত্যিক এ. এল. জেমসের ‘ফিফটি শেডস অব গ্রে’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য একই শিরোনামের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কেটি।
ছবির মূল চরিত্র ক্রিশ্চিয়ান গ্রে’র প্রেমিকা ইলিনা লিংকন চরিত্রে অভিনয়ের এ সুযোগকে জীবনের অন্যতম প্রাপ্তি বলেই মনে করছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজের সাবেক স্ত্রী ও হলিউডের অভিনেত্রী কেটি হোমস।
সর্বশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘জ্যাক অ্যান্ড জিল’ ছবিতে দেখা গিয়েছিল কেটিকে। এরপর আর কোনো ছবিতে দেখা না গেলেও এবার সম্ভবত চলচ্চিত্র জগতের দুয়ার আবার খুলে যাচ্ছে কেটির সামনে। এ বছরই মুক্তি পাচ্ছে কেটি অভিনীত নতুন ছবি ‘ডেজ অ্যান্ড নাইটস’। ৮ নভেম্বর ডেনভার চলচ্চিত্র উত্সবে ছবিটির উদ্বোধনি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আর আগামী বছর মুক্তি পাবে ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটি।
নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে মুখিয়ে আছেন কেটি হোমস। তিনি মনে করছেন, ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ হলিউডে তাঁকে নতুনভাবে পরিচিতি এনে দেবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ন্যাশনাল এনকোয়ারার।
ভালোবাসার গল্পনির্ভর ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম টেইলর-জনসন। এর পরিবেশক সংস্থা ইউনিভার্সেল পিকচার্স ও ফোকাস ফিচার্স। ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। আর মুক্তি পাবে ২০১৪ সালের ১ আগস্ট।