ফিরছেন জিনাত আমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালি পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী জিনাত আমান। এই মুহূর্তে হাতে কয়েকটি ছবির চিত্রনাট্য রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এগুলোর মধ্য থেকে পছন্দসই ছবিতে আগামী বছর অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন ‘সত্যম শিবম সুন্দরম’খ্যাত এ তারকা। এ প্রসঙ্গে ৬১ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘একাধিক ছবির চিত্রনাট্য আমার হাতে এসেছে। আশা করছি, ২০১৩ সালে আমার অভিনীত কয়েকটি ছবি মুক্তি পাবে। আমি নিজেও সেই প্রতীক্ষাতে দিন গুনছি।’ ১৯৫১ সালের ১৯ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জিনাত আমান। তাঁর বাবা ছিলেন চিত্রনাট্যকার আমানুল্লাহ খান। ‘মুঘল-এ-আজম’, ‘পাকিজা’র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন আমানুল্লাহ খান। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান জিনাত। পরে তাঁর মা মিস্টার হেঞ্জ নামের একজন জার্মান নাগরিককে বিয়ে করেন। মায়ের সঙ্গে জার্মানিতে পাড়ি জমান জিনাত। কিন্তু সেখানে মন না বসায় ১৮ বছর বয়সে ভারতে ফিরে আসেন। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চ শিক্ষার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে।যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ‘ফেমিনা’ ম্যাগাজিনে সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন জিনাত আমান। পরে জড়ান মডেলিংয়ের সঙ্গে। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানার আপ হন। একই বছর তিনি মিস এশিয়া প্যাসিফিক নির্বাচিত হন। ১৯৭১ সালে ২০ বছর বয়সে ‘হালচাল’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় জিনাত আমানের। একই বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘হাঙ্গামা’ ছবিটি। দুটি ছবিই আশানুরূপ সাফল্য না পাওয়ায় চলচ্চিত্র জগেক বিদায় জানিয়ে জার্মানি চলে যাওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছিলেন জিনাত। কিন্তু ঘটনাচক্রে দেব আনন্দ পরিচালিত ও অভিনীত ‘হরে রামা হরে কৃষ্ণ’ ছবিতে অন্তর্ভুক্ত হন। ছবিটির ‘দম মারো দম’ গানটির জন্য রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান জিনাত। পরবর্তী সময়ে সাহসী বিভিন্ন দৃশ্যে খোলামেলা অভিনয় করে বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যান। জিনাত আমান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘বালিকা বধূ’, ‘ধরম বীর’, ‘হীরালাল পান্নালাল’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’, ‘দ্য গ্রেট গ্যাম্বলার’, ‘রাম বলরাম’, ‘দোস্তানা’, ‘জানোয়ার’, ‘বুম’, ‘আগলি আউর পাগলি’ ইত্যাদি। জিনাত অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘না জানে কিঁউ’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার, বিএফজেএ, জি সিনে, আইফাসহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনেত্রী।