ফিরছেন মীরাক্কেল প্রতিযোগীরা
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ অসামসালা পর্বের শুটিং গত ৫ জুলাই শেষ হয়েছে। এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। প্রথমদিকে সেখানকার একটি ছবিতে বাংলাদেশের প্রতিযোগীদের অভিনয় করার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। ফলে প্রতিযোগীরা আগামী দু-এক দিনের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রথম আলো ডটকমকে ইশতিয়াক নাসির এ কথা জানান।ভারতের জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ অসামসালায় শেষ পর্যন্ত লড়েছেন বাংলাদেশের ছয়জন প্রতিযোগী। এর মধ্যে আছেন—মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাটোরের ছেলে আবু হেনা রনি এবং দ্বিতীয় রানারআপ ঢাকার কল্যাণপুরের প্রতিযোগী আনোয়ারুল আলম সজল। আরও আছেন ঢাকার উত্তরার প্রতিযোগী ইশতিয়াক নাসির। এ ছাড়া পরে যুক্ত হয়েছেন সাইদুর রহমান, মুজাহিদুর রহমান ও তূর্য। প্রথম আলো ডটকমকে ইশতিয়াক নাসির বলেন, ‘৫ জুলাই আমরা শেষ শুটিংয়ে অংশ নিই। আমাদের সবার এখন দেশে ফেরার তাড়া। আশা করছি, দু-এক দিনের মধ্যেই দেশে ফিরতে পারব।’ইশতিয়াক নাসির আরও বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন নির্মাতার সঙ্গে টিভি নাটক ও কমেডি ঘরানার অনুষ্ঠানের ব্যাপারে আলাপ হয়েছে। দেশে ফিরে সিদ্ধান্ত নেব কোন কাজগুলো করব।’ইশতিয়াক নাসিরের মতো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর চ্যাম্পিয়ন আবু হেনা রনির অবস্থা। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন নির্মাতা মুঠোফোন ও ফেসবুকের মাধ্যমে তাঁদের পরিচালিত নাটকে অভিনয়ের জন্য রনির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। দেশে ফিরে রনিও তাঁদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।এদিকে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬-এর আরেক প্রতিযোগী মো. জামিল হোসেন এখন বাংলাদেশে আছেন। গান ও নাটকের কাজ শুরু করেছেন। সামনে চলচ্চিত্রের কাজ শুরু করবেন। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬ অসামসালা অনুষ্ঠানের শেষ পর্ব দেখানো হবে ১৫ জুলাই। আর এতে নিয়মিত বিচারকদের পাশাপাশি অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন কুমার শানু ও রচনা ব্যানার্জি।