ফিরছেন সালমা

আবারও অ্যালবাম নিয়ে ফিরবেন ক্লোজ আপ ওয়ানের দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এই ঈদে নতুন কোনো একক গানের অ্যালবাম প্রকাশ না হলেও কোরবানির ঈদে নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সমানে হাজির হবেন এই সংগীতশিল্পী। সালমা জানিয়েছেন এ ঈদের পরপরই নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।
সালমার সর্বশেষ একক অ্যালবাম ‘প্রেমের জানাজা’ প্রকাশিত হয়েছিল গত বছর রোজার ঈদে। এরপর এ বছরের পহেলা বৈশাখে একটি মিশ্র অ্যালবামে একটি গানে কণ্ঠ দেন তিনি। পরিবার ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণেই এবারের ঈদে নতুন কোনো অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারেননি বলেই জানিয়েছেন সালমা।
তবে এবার শ্রোতাদের গান না দিতে পারলেও কোরবানির ঈদে নতুন গানের অ্যালবাম নিয়ে আসছেন সালমা। অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওর কাজও করবেন তিনি। একক অ্যালবামের পাশাপাশি কথা চলছে কয়েকটি মিশ্র অ্যালবাম নিয়েও। সব মিলিয়ে বেশ বড় আয়োজন নিয়েই কোরবানির ঈদে ফেরার প্রত্যয় ব্যক্ত করছেন সালমা।
সালমার সর্বশেষ অ্যালবাম ‘প্রেমের জানাজা’ প্রকাশিত হওয়ার পর সন্তান-সংসার-পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে কোরবানির ঈদে পুরোদমে আবারও সংগীত জগতে ফিরবেন বলে জানিয়েছেন সালমা। সে পরিকল্পনাই ইতিমধ্যে করেছেন। এবারও একটি ফোক গানের একক করবেন তিনি। সেই লক্ষ্যে গান নির্বাচনের কাজ এখন চলছে।
অন্যদিকে এ অ্যালবামেরই নতুন দু-একটি গানের মিউজিক ভিডিও একই সঙ্গে মুক্তি দেয়ার ইচ্ছে সালমার।
এ প্রসঙ্গে সালমা জানিয়েছেন, আমার ভক্ত-শ্রোতারা কোথাও দেখা হলেই আমাকে নতুন গান-অ্যালবামের কথা জিজ্ঞেস করেন। কিন্তু এতদিন সঠিক উত্তরটা দিতে পারিনি তাঁদের, কারণ আমার মেয়ে অনেক ছোট ছিল। ওর দেখাশোনাটা আমি নিজেই করতে চেয়েছি। তাছাড়া নিজের পড়াশোনা নিয়েও ব্যস্ত ছিলাম। তাই রোজার ঈদের জন্য গান করতে পারিনি। ইনশাআল্লাহ কোরবানির ঈদে নতুন একক অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে পারব। এবার একটু অন্যরকম ফোক গান করব। সেগুলো থেকে দু-একটি গানের ভিডিও করব। আশা করছি সবারই তা ভালো লাগবে।