ফিরলেন আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস খানেকেরও বেশি সময় ধরে অসুস্থতার কারণে গানবাজনা থেকে দূরে ছিলেন ‘গিটার লিজেন্ড’খ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। অবশেষে গতকাল সোমবার চেনা জগতে ফিরলেন তিনি। এসএ টিভিতে প্রচারিত হতে যাওয়া রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’ অনুষ্ঠানের চার বিচারকের একজন হয়েছেন আইয়ুব বাচ্চু।গত সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে বাংলাদেশি আইডলের আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চু। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনের ফাঁকে অন্য বিচারকদের সঙ্গে আইয়ুব বাচ্চু লালগালিচায়ও হেঁটেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিতি ও লালগালিচায় হাঁটার মধ্য দিয়ে অসুস্থতা ও বিশ্রামের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন তিনি।গত শনিবার বাংলাদেশি আইডলের ফটোসেশনেও অংশ নিয়েছেন আইয়ুব বাচ্চু। এদিকে বাংলাদেশি আইডল প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, আইডল মানে হচ্ছে আদর্শ। আদর্শ সংগীত তারকা হতে হলে অনেক কষ্ট, পরিশ্রম ও মেধার গুণে বাংলাদেশি আইডল হতে হবে। এত বড় একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য এর পেছনে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে অভিনন্দন জানাই। আর যাঁরা এখানে অংশ নেবেন, তাঁদের জন্যও রইল শুভকামনা।’বাংলাদেশি আইডলের বিচারকের দায়িত্ব পালনের বাইরে খুব শিগগির গিটার হাতে মঞ্চেও ফিরবেন বাচ্চু। বর্তমানে তিনি সেই প্রস্তুতি নিচ্ছেন। নিজের এই ফেরা প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি সবার দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। ইনশা আল্লাহ খুব শিগগির শ্রোতা ও ভক্তদের সঙ্গে আমার দেখা হবে।’ উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ফুসফুসে পানি জমে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেখানে বেশ কয়েকদিন চিকিত্সাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তিনি।