ফিরলেন লিজা
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৮ সালে সেরা হয়েছিলেন লিজা। এরপর অনেকটা দূরেই ছিলেন। জানালেন, এত দিন পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। তাই গান থেকে একটু দূরে থাকতে হয়েছে। এবার ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন লিজা। পরীক্ষা শেষ হওয়ার পর ঢাকায় এসেছেন। আবার মন দিয়েছেন গানে। বললেন, ‘পড়াশোনার কারণে ঢাকার বাইরে থাকতে হয়েছে। তাই গানে খুব একটা সময় দিতে পারিনি। এখন পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে ঢাকায় চলে এসেছি। আবার গানের জন্য নিয়মিত সময় দিতে পারব।’ ঢাকায় এসেই লিজা তাঁর প্রথম একক অ্যালবামের কাজ শুরু করেছেন। নামটা এখনো চূড়ান্ত হয়নি। জানালেন, এরই মধ্যে অ্যালবামের চারটি গানের কাজ শেষ হয়েছে। তিনটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল আর একটি ফুয়াদ। এ অ্যালবামে আরও থাকছে বাপ্পা মজুমদার, তাহসান এবং তৌসিফের সুর করা গান।লিজা বললেন, ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা হওয়ার পর প্রায় দুই বছর গান থেকে দূরে ছিলাম। এবার আবার শুরু করছি। আশা করছি, এবারও শ্রোতাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না।’লিজা জানান, এবার ঈদে তাঁর এই অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা আছে। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।