ফিরিয়ে দিলেন স্পিলবার্গকে!

ভক্তদের তো বটেই মাঝে মাঝে যেন নিজেকেও চমকে দিতে ভালোবাসেন ইরফান খান। নইলে কি আর হলিউড থেকে আসা প্রস্তাব ফিরিয়ে দিতে পারে কোনো অভিনেতা! সেও যে সে পরিচালক নন, স্বয়ং স্টিভেন স্পিলবার্গকে!
সমান তালে হলিউড ও বলিউডের ছবিতে অভিনয় করে যাচ্ছেন বলিউড তারকা ইরফান খান। সম্প্রতি হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। সেই ছবিতে কাজ করার কথা ছিল হলিউড তারকা স্কারলেট জোহানসনের মতো নায়িকার। কেন ‘না’ করে দিলেন জানতে চাইলে ইরফান বলেন, ‘স্কারলেটের মতো একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগতো। কিন্তু আমাকে যে চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে আমার আসলে তেমন কিছু করার নেই।’
তিনি বলেন, ‘পশ্চিমাবিশ্বে ভারতীয় শিল্পীদের কদর বাড়ছে। যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্প সব সময় প্রতিভাবানদের নিয়ে কাজ করতে চায়। তাঁদের চোখ এখন ভারতের দিকে। তাছাড়া ভারতে অনেক গল্পও ছড়িয়ে আছে। আগামী পাঁচ বছর আরও অনেক ভারতীয় শিল্পী হলিউডে কাজের ডাক পাবেন।’
এর আগে ইরফান কাজ করেছেন রন হাওয়ার্ডের ছবি ‘ইনফারনো’-তে। ওই ছবিতে আরও অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস। স্পিলবার্গের ছবিতে সুযোগ ছেড়ে দিয়ে হিন্দি ছবিতে চুক্তি সই করাটা বোকামি হয়ে গেল কি না জানতে চাইলে বোকার মতো হেসে ইরফান বলেন, ‘একদম না।’ এনডি টিভি