ফিরে আসছেন শার্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি সিরিয়াল শার্লক হোমস
টিভি সিরিয়াল শার্লক হোমস

জন ওয়াটসনের শেষ সংলাপগুলো মনে আছে? শার্লক হোমসের এপিটাফে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে কবর ছেড়ে চলে যাবে, এমন সময় হুট করে মনে পড়ার ভঙ্গিতে কান্না জড়ানো কণ্ঠে ওয়াটসন বলছে, ‘আরেকটা কথা। আরেকটা কথা। আরেকটা মিরাকল, শার্লক, আমার জন্য? আর মৃত হয়ে থেকো না। এই একটা কাজ আমার জন্য করতে পারবে না? অনেক হয়েছে, এবার থামো। এবার তো শেষ করো!’
ওয়াটসন সমাধিক্ষেত্র ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঝড়ে বিধ্বস্ত এক ছোট্ট দ্বীপের মতো দেখাচ্ছে তাকে। দ্রুত বেরিয়ে যাচ্ছে। যেন দ্রুত এই দুঃসহ স্মৃতির কারাগার থেকেও বেরিয়ে যেতে চায়। আর ওয়াটসনের সেই বেরিয়ে যাওয়া দেখছে আর কেউ নয়, খোদ শার্লক হোমস!
ঠিক এই জায়গাতেই শেষ হয়েছিল শার্লকের দ্বিতীয় মৌসুম। শার্লককে অদ্ভুত এক ফাঁদে আটকে ফেলে নিজের খুলিতে গুলি চালিয়ে দিয়েছিল তার চিরশত্রু মরিয়ার্টি। শার্লকের তখন ছাদ থেকে লাফ দিয়ে পড়া ছাড়া মুক্তি নেই। কারণ শার্লক আত্মহত্যা না করলে তার নিঃসঙ্গ জীবনে তিন বন্ধুকে মেরে ফেলার ছক সাজিয়েই রেখেছে মরিয়ার্টি। স্নাইপাররা তাক করে আছে ওয়াটসনের দিকে। ভোঁতা ছুরি নিয়ে মিসেস হাডসনের ঘরেও বসে আয়েশ করে চা খাচ্ছে ছদ্মবেশী আততায়ী।
ওয়াটসনকে ফোনে সুইসাইড নোট দিয়ে সত্যি সত্যি লাফিয়ে পড়ল শার্লক। ধপ করে ফুটপাতে আছড়ে পড়ল তার দেহ। রক্তের স্রোত! ওয়াটসন নিজে নাড়ির স্পন্দন দেখে নিশ্চিত হলো—নেই! পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করল! পৃথিবীর কাছে সে তখন ‘ফেক হিরো’!
কিন্তু এটাই কি শেষ পরিণতি হতে পারে শার্লকের? না। এভাবে মরিয়ার্টির সঙ্গে খেলটাতে শার্লক কিছুতেই হার মানতে পারে না। শার্লক যে সত্যি সত্যি মারা যায়নি, সেটার ইঙ্গিত দ্বিতীয় মৌসুমের শেষ পর্বের একদম শেষেই দেওয়া হয়েছিল। কিন্তু আসলেই কীভাবে নিজের বানোয়াট মৃত্যুর ছক সাজাতে পেরেছিল শার্লক, কীভাবে এড়াল মৃত্যু—এ নিয়ে তোলপাড় হয়েছে ভক্তদের মনে। গুগলে এ নিয়ে খুঁজলেই মিলবে রাশি রাশি তত্ত্ব। ইউটিউবে শার্লকের বানোয়াট মৃত্যুতত্ত্বের রহস্যভেদ নিয়ে বানানো ভিডিওগুলোতে লাখ লাখ হিট।
তবে আসল প্রশ্নের উত্তর হয়তো মিলবে এবার। নতুন বছরে শার্লক-ভক্তদের জন্য সবচেয়ে বড় উপহার নিয়ে আসছে বিবিসি। আবারও প্রচার শুরু হচ্ছে শার্লকের নতুন মৌসুমের। অবশ্য এরই আগে গতকাল বড়দিনের রাতে তারা প্রচার করেছে বিশেষ একটি পর্ব। ‘মেনি হ্যাপি রিটার্নস’ নামের এই পর্বে ঠিক কী দেখানো হবে, সেটি অবশ্য আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল না।
প্রথম দুটি মৌসুমের মতো তৃতীয় মৌসুমেও থাকছে মাত্র তিনটি পর্ব। ১ জানুয়ারি প্রচারিত হবে মার্ক গ্যাটিসের লেখা ও জেরেমি লাভরিংয়ের পরিচালনায় দি এম্পটি হাস। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের ৫৬তম ছোট গল্প দি অ্যাডভেঞ্জার অব দি এম্পটি হাউস অবলম্বনে লেখা হয়েছে পর্বটি। এই পর্বে দেখা যাবে দুই বছর লোকচক্ষুর আড়ালে থাকা শার্লককে আবার দেখা গেছে। কারণ তার প্রিয় লন্ডন ভয়াবহ সন্ত্রাসী হামলার হুমকির মুখে দাঁড়িয়ে আছে।
শার্লকের ফিরে আসা ওয়াটসনকে অবশ্য মিশ্র অনুভূতির সামনে দাঁড় করাবে। কারণ সে এরই মধ্যে শার্লকবিহীন জীবনে খাপ খাইয়ে নিয়েছে। অ্যাডভেঞ্চার বাদ দিয়ে ঘর-গেরস্থালি করা শুরু করে দিয়েছে। কিন্তু রক্তে অ্যাডভেঞ্চারের নাচন লাগলে ওয়াটসন কি আর বসে থাকতে পারবে?
৫ জানুয়ারি প্রচার হবে দ্বিতীয় পর্ব—দ্য সাইন অব থ্রি। পর্বটি লিখেছেন স্টিফেন টমসন, পরিচালনা করেছেন কম ম্যাককার্থি। ১২ জানুয়ারি স্টিভেন মোফাটের রচনা ও নিক হুরানের পরিচালনায় হিজ লাস্ট ভাউ দিয়ে শেষ হবে এই মৌসুম। হয়তো শার্লক সিরিজটাই!
শার্লকভক্তরা, রহস্যের রোমাঞ্চে আবার বুঁদ হতে তৈরি হয়ে যায়! ২২১ বি বেকার স্টিট আবার সরগরম হচ্ছে, এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে!
 রাজীব হাসান
গার্ডিয়ান অবলম্বনে